পূর্ণাঙ্গ বাজেটের আগেই সুখবর! পয়লা জুলাই থেকে সিলিন্ডার পিছু কমল রান্নার গ্যাসের দাম
সোমবার থেকে রান্নার গ্যাসের দাম কমেছে। লোকসভা নির্বাচনের মধ্যে পরপর তিন মাসে গ্যাসের দাম অনেকটাই কমে। এবার নতুন লোকসভা গঠনের পরেও দাম কমল সিলিন্ডার পিছু। তবে এই সুখবর বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য। সোমবার থেকে ১৯ কেজির সিলিন্ডার পিছু দাম ৩১ টাকা করে কমাচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। স্থানীয় করের ওপরে ভিত্তি করে এই মূল্য হ্রাস বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা হবে।
প্রসঙ্গত পয়লা জুন থেকে এই দাম কমেছিল সিলিন্ডার পিছু ৭২ টাকা করে। বাণিজ্যিক এলপিজি ব্যবহার করা হয় হোটেল, রেস্তোরাঁয়। পয়লা জুলাই থেকে কলকাতায় এর দাম ১৭৮৭ টাকা থেকে কমে হচ্ছে ১৭৫৬ টাকা। মার্চের শুরুতে এই দাম ২৪ টাকা বৃদ্ধি পেয়েছিল। এরপর এপ্রিলের শুরুতে ৩২ টাকা কমার পরে মে মাসের শুরুতে কমে আরও ২০ টাকা। জুনে কমে আরও ৭২ টাকা।

মূল্য হ্রাসের পরে দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম হয়েছে দিল্লিতে ১৬৪৬ টাকা, মুম্বইয়ে ১৫৯৮ টাকা এবং চেন্নাইতে ১৮০৯ টাকার আশপাশে।
তবে সাধারণ রান্না ঘরে ব্যবহৃত অর্থাৎ গার্হস্থ এলপিজির দাম অপরিবর্তিতই রয়েছে। স্থানীয় করের ওপরে ভিত্তি করে এর দামও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন। কলকাতার এর মূল্য এখন ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।
আইওসিএলের ওয়েবসাইট অনুসারে রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৮০৩ টাকা। আর উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য তা ৬০৩ টাকা। মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।
রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন আগের মাসের গড় আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে প্রতিমাসের এক তারিখে দাম সংশোধন করে থাকে।












Click it and Unblock the Notifications