Budget 2024-2025: এবারের বাজেটে কি বড় আয়কর ছাড়? সরকারের প্রস্তুতি নিয়ে জল্পনা
Budget 2024-2025: নির্বাচনের আগে দ্বিতীয় মোদী সরকার ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেছিল ফেব্রুয়ারির একেবারে শুরুতে। এবার সামনের মাসে সম্পূর্ণ বাজেট পেশ করতে চলেছে সরকার। নতুন সরকারে একই দায়িত্ব হাতে পাওয়ার পরে টানা বৈঠক করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
সাধারণ মানুষ এই বাজেট থেকে স্বস্তির প্রত্যাশা করছেন। তবে প্রত্যেকটা বাজেটের আগেই সাধারণ মানুষ আশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে থাকে।

- মধ্যবিত্তদের জন্য আয়কর ছাড়?
সূত্রের খবর, বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিতে আয়কর ছাড় সংক্রান্ত বিকল্পগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি তাঁর ভাষণে বলেছিলেন, মধ্যবিত্তরা দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাঁদের কল্যাণ ও সুবিধা দেওয়াই হবে সরকারের অগ্রাধিকার।
- সরকারের টার্গেট
এই পরিস্থিতিতে চাকরিজীবীরা বাজেটে মোদী সরকারের কাছ থেকে আয়কর ছাড়ের আশা করছেন। অর্থমন্ত্রক সূত্রে খবর সরকার নতুন কর ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। সূত্রের খবর, বার্ষিক ১৫ থেকে ১৭ লক্ষ টাকা আয় করেন যাঁরা, তাঁদের আয়করের হার কমানোর কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। পাশাপাশি সরকারের টার্গেট হল আরও বেশি সংখ্যক মানুষকে নতুন কর ব্যবস্থায় আনা।
সরকার নতুন কর ব্যবস্থা চালু করেছে। এবার তাকে জনপ্রিয় করতে সেখানে পরিবর্তন করার কথা চিন্তা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে এখন যাঁরা বার্ষিক ১৫-১৭ লক্ষ টাকা আয় করেন, তাঁদের যদি নতুন কর ব্যবস্থার অধীনে কর কম করা হয়, তাহলে বহু মানুষ স্বস্তি পাবেন।
- নতুন কর ব্যবস্থায় কী আছে?
নতুন কর ব্যবস্থার অধীনে সরকার সাত লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ওপরে আয়করে ছাড় দেয়। যেখানে পুরনো কর ব্যবস্থায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হয় না। তবে দুই ব্যবস্থাতেই ৫০ হাজার টাকা করে স্ট্যান্ডার্ড ডিকাকশন রয়েছে।
নতুন কর ব্যবস্থায় বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হয় না। তিন থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ , ছয় থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত কর ১০ শতাংশ, নয় থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ১৫ শতাংশ এবং ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর ২০ শতাংশ আর ১৫ লক্ষের ওপরে কর ৩০ শতাংশ। এর বাইরে ৪ শতাংশ হারে স্বাস্থ্য ও শিক্ষা সেস নেওয়া হয়।
নতুন সরকার সাধারণ মানুষকে জুলাই মাসে কতটা স্বস্তি দিতে পারে, এখন তারই অপেক্ষা।












Click it and Unblock the Notifications