ফের ‘মিঠাই’কে টপকে টিআরপি তালিকায় শীর্ষে ‘গাঁটছড়া’, এগিয়ে এল ‘ধূলোকণা’
ফের ‘মিঠাই’কে টপকে টিআরপি তালিকায় শীর্ষে ‘গাঁটছড়া’, এগিয়ে এল ‘ধূলোকণা’
বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের টিআরপি জানার দিন। কোন ধারাবাহিক কেমন স্কোর করছে তার মার্কশিট বা বলা ভাল,ফলাফল জানার উপায় টিআরপি। চলতি বছরের প্রথম থেকেই, রেটিং চার্টে বিপুল পরিবর্তন দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে। গত সপ্তাহেই সকলকে চমকে দিয়ে জি বাংলার 'মিঠাই’ দখল করেছিল টিআরপি তালিকায় তার পুরনো শীর্ষ স্থান। কিন্তু এক সপ্তাহের মধ্যেই তা রদবদল হয়ে গেল।

শীর্ষে গাঁটছড়া, দ্বিতীয় স্থানে ধূলোকণা
এ সপ্তাহে শীর্ষস্থান হারিয়ে ফেলল 'মিঠাই', তার পরিবর্তে গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা 'গাঁটছড়া' উঠে এল প্রথম জায়গায়। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭। দর্শকদের বেশ পছন্দ হচ্ছে এই ধারাবাহিকের গল্প, বিশেষ করে খড়ি-ঋদ্ধি জুটি মন জয় করতে দারুণভাবে সফল হয়েছে। অন্যদিকে, টিআরপির দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার আরও একটি সিরিয়াল 'ধূলোকণা'। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিক পিছিয়ে থাকার পর তা এই সপ্তাহে এগিয়ে আসায় দর্শকরাও বেজায় খুশি। 'ধূলোকণা'র প্রাপ্ত রেটিং নম্বর ৭.৫।

তৃতীয় স্থানে মিঠাই ও আলতা ফড়িং
এবার যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে 'মিঠাই' ও 'আলতা ফড়িং'। এদের প্রাপ্ত নম্বর ৭.২। 'মিঠাই'-এর নতুন টুইস্ট দর্শকদের সেভাবে মনোঃপুত হয়নি বলে মনে হচ্ছে। উচ্ছেবাবুর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু আর তারপর সেটাকে নিয়ে চলতে থাকা নাটক দর্শকদের মনে ধরেনি বলেই এই ধারাবাহিক তৃতীয় স্থানে এসে দাঁড়িয়েছে। চতুর্থ স্থানেও যৌথভাবে রয়েছে দুই মেগা- 'গৌরী এলো' ও 'অনুরাগের ছোঁয়া'। দুই ধারাবাহিকই পেয়েছে ৭.১। অবাক করেও এবার পঞ্চমেও রয়েছে দুই ধারাবাহিক। 'উমা' ও 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' পেয়েছে ৬.৪।

অন্যান্য ধারাবাহিকের স্থান
ষষ্ঠ স্থানে রয়েছে 'পিলু', তার টিআরপি রেটিং ৬.১। মাত্র এক পয়েন্টে পিছিয়ে সপ্তম স্থানে রয়েছে 'আয় তবে সহচরী' তাদের প্রাপ্ত রেটিং ৬.০। অষ্টম স্থানে রয়েছে 'মন ফাগুন' তাদের প্রাপ্ত রেটিং ৫.৯। নবম স্থানে রয়েছে 'আমাদের এই পথ যদি না শেষ হয়'। প্রাপ্ত রেটিং ৫.২। টিআরপি তালিকায় দশ নম্বরে রয়েছে'খুকুমণি হোম ডেলিভারি'। তাদের প্রাপ্ত রেটিং ৪.৮।

তালিকায় জায়গা করতে পারেনি দুই ধারাবাহিক
তবে এবারও টিআরপি তালিকায় জায়গা করতে পারেনি রাজ চক্রবর্তীর 'গোধূলি আলাপ'। একই হাল নতুন শুরু হওয়া জি বাংলার ধারাবাহিক ''উড়ন তুবড়ি'। যদিও আগামী সপ্তাহগুলিতে এই দুই সিরিয়াল কি খেল দেখায় তা জানা নেই কারোরই। টিআরপি তালিকা বদল হতে পারে যে কোনও সময়ে।

এক ঝলকে টিআরপি চার্ট
*প্রথম- গাঁটছড়া (৭.৭)
* দ্বিতীয় - ধুলোকণা (৭.৫)
* তৃতীয় - মিঠাই (৭.২)
* তৃতীয় - আলতা ফড়িং (৭.২)
* চতুর্থ - অনুরাগের ছোঁয়া (৭.১)
* চতুর্থ - গৌরী এলো (৭.১)
* পঞ্চম - লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
* পঞ্চম - উমা (৬.৪)
* ষষ্ঠ - পিলু (৬.১)
* সপ্তম - আয় তবে সহচরী (৬.০)
* অষ্টম - মন ফাগুন (৫.৯)
* নবম - এই পথ যদি না শেষ হয় (৫.২)
* দশম - খুকুমণি হোম ডেলিভারি (৪.৮)












Click it and Unblock the Notifications