'পাতাল লোক' নিয়ে হলফনামা তলব হাইকোর্টের
মুক্তি পাওয়ার পর থেকেই স্বস্তি নেই। একের পর এক বাধা আসছে 'পাতাল লোক' চলার পথে। এবার পাতাল লোক ওয়েব সিরিজ নিয়ে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে সদ্য মুক্তি পাওয়া পাতাল লোকের ওয়েব প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ও ওয়েব সিরিজের প্রযোজক অনুষ্কা শর্মাকে। মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পর।

এদিন হাইকোর্টে অনলাইন মামলার শুনানিতে মামলাকারীর প্রণয় রাইয়ের আইনজীবী রাজদ্বীপ মজুমদার ও ময়ূখ মুখোপাধ্যায় জানান, এই সিরিজের বিভিন্ন অংশে দেখানো দৃশ্য ভারতের অখন্ডতা ও সার্বভৌমত্ব নষ্ট করবে বলে দাবি মামলাকারীর। এই ওয়েব সিরিজে সনাতন ধর্ম ও একাধিক হিন্দু সংগঠনকে নেতিবাচকভাবে দেখানোর পাশাপাশি জাত ব্রাহ্মণ ও ত্যাগিদের মধ্যে বৈষম্য তৈরি করার চেষ্টা করা হয়েছে।
এমনকী এখানে প্রচুর অশালীন শব্দও ব্যবহার করা হয়েছে, যা গোষ্ঠীদন্দ্ব বা হানাহানির সৃষ্টি করতে পারে। এটি সম্পূর্ণরূপে দেশবিরোধী, বলেও দাবি করেন তিনি। এছাড়াও ভারতের গোর্খা সম্প্রদায়ের মানুষকেও ছোট করে দেখানো হয়েছে। তার প্রেক্ষিতেই এই ওয়েব সিরিজ বন্ধ রাখার আবেদন জানান মামলাকারীর আইনজীবীরা। তবে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মামলায় পক্ষভুক্ত অ্যামাজন প্রাইম ও অনুষ্কা শর্মার আইনজীবীরা।
প্রসঙ্গত, এর আগেও বিতর্কের মুখে পড়েছিল সদ্য মুক্তি পাওয়া 'পাতাল লোক'। অনুষ্কা শর্মা প্রযোজিত এই ওয়েব সিরিজের বিরুদ্ধে এবার মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। প্ল্যাটফর্মে 'পাতাল লোক'কে নিষিদ্ধ করার দাবি তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছেন হিন্দু সংগঠনের নেতা প্রণয় রাই।












Click it and Unblock the Notifications