West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে মুক্তি! জানুন আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather Update: চলতি সপ্তাহের গোটাটাই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। তার নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় বঙ্গ অতিক্রম করে ছত্তীসগঢ় ও ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে ওই ঘূর্ণাবর্ত। পাশাপাশি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে মঙ্গলবার তৈরি হয়েছে একটি নিম্নচাপ। বৃহস্পতিবার রাতের পর তা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করার কথা। পরবর্তী ৪৮ ঘণ্টায় যা ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে।

বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ফলে মোটের উপর মনোরম আবহাওয়াই থাকবে। দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিবেশ তৈরি হবে। সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির পরিমাণ।
অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই। উল্টে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে জেলাগুলিতে।
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি জেলাগুলিতে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে। উত্তর দিনাজপুরের পাশাপাশি শুক্রবার বৃষ্টি হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও।
বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।












Click it and Unblock the Notifications