West Bengal Weather Update: গরমে পুড়বে বাংলা, তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে; সপ্তাহান্তে বদলাবে আবহাওয়া, জানুন আপডেট
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের চোখ রাঙানি। বুধবার ৪০ ডিগ্রির উপরে চলে গিয়েছে বেশকিছু এলাকার তাপমাত্রা। বৃহস্পতিবারও গরমের দাপট থাকবে। বজায় থাকবে শুক্রবারও। পশ্চিমের চার পাঁচটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তাও থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে চলেছে উত্তরবঙ্গেও।
বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। মূলত জলীয় বাষ্প রাজ্যে ঢুকলেও সেই জলীয় বাষ্পে বৃষ্টি হবে না। ফলে সেই সুযোগে ছোটনাগপুর এলাকা থেতে শুকনো গরম হাওয়া প্রবেশ করছে পশ্চিমের জেলাগুলিতে ও রাঢ়বঙ্গে। ফলে ৪-৫ ডিগ্রি বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার ও শুক্রবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায়। তিন জেলাতেই লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তাপপ্রবাহ পরিস্থিতি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াবে তো বটেই। পাশাপাশি স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি পর্যন্ত উপরে উঠে যেতে পারে তাপমাত্রা। তবে শনিবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। আপাতত কলকাতাসহ বাকি জেলাগুলিতে গরম ও অস্বস্তি প্রচুর বাড়বে।
দক্ষিণবঙ্গ যখন পুড়বে, তখন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুব হালকা হলেও বৃষ্টিকে ভিজতে পারে উত্তরবঙ্গ-সহ পাঁচটি জেলা। উপরের দিকের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু উত্তরবঙ্গের নীচের তিন জেলা অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি আরও বাড়বে। শনিবার পর্যন্ত গরম বজায় থাকবে ওই জেলাগুলিতে।
সপ্তাহান্তেই আবহাওয়ার বদল ঘটতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।












Click it and Unblock the Notifications