রাজনীতির কচকচানির মধ্যেই পশ্চিমবঙ্গকে ৬৮০ কোটি টাকা দিল কেন্দ্র, খরচ হবে গ্রামীণ উন্নয়নে
পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে পশ্চিমবঙ্গ সরকারকে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা দিল কেন্দ্র। এই কেন্দ্রীয় বরাদ্দ পঞ্চায়েত ও গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নে ব্যবহার করা হবে। এটি মোট প্রাপ্য অনুদানের প্রথম কিস্তি হিসেবে রাজ্যকে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে যে, দিন দুই আগে এই অর্থ রাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজ্যের ৩২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫টি পঞ্চায়েত সমিতি এবং ২১টি জেলা পরিষদ ধাপে ধাপে এই অর্থ পাবে, যা গ্রামীণ স্তরে উন্নয়নের গতি বাড়াতে সাহায্য করবে।

'সংযুক্ত অনুদান' খাতে প্রাপ্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে পঞ্চায়েতগুলির সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। অর্থাৎ, স্থানীয় প্রয়োজন ও চাহিদা অনুযায়ী পঞ্চায়েতি প্রতিষ্ঠানগুলিই সিদ্ধান্ত নিতে পারবে কোন খাতে কত টাকা খরচ হবে। গ্রামীণ উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এই তহবিল ব্যবহার করতে পারবে।
তবে, 'আবদ্ধ অনুদান' খাতে এমন স্বাধীনতা থাকে না। এই তহবিলের অর্থ কেবল নির্দিষ্ট প্রকল্পেই খরচ করা যায়, যেমন কোনও পরিকাঠামো নির্মাণের উদ্দেশ্যে যা বরাদ্দ করা হয়। গত দুই অর্থবর্ষে পশ্চিমবঙ্গ 'আবদ্ধ অনুদান' খাতে মোট ২,০৯৯ কোটি ১০ লক্ষ টাকা পেয়েছে, যা শৌচাগার নির্মাণ ও পানীয় জল সরবরাহের কাজে ব্যয় করতে হবে।
আগের বছরগুলিতে দেখা গিয়েছে, 'সংযুক্ত অনুদান' পাঠানোর কিছুদিনের মধ্যেই কেন্দ্র 'আবদ্ধ অনুদান'-এর তহবিলও প্রকাশ করে। সূত্রের খবর অনুযায়ী, এ বছরও খুব শিগগিরই রাজ্য চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির 'আবদ্ধ অনুদান' পেতে পারে।
পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় পূর্ববর্তী এবং বর্তমান অর্থবর্ষ মিলিয়ে পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত মোট ৪১৮১ কোটি ২৩ লক্ষ টাকা পেয়েছে। এর মধ্যে সদ্যপ্রাপ্ত ৬৮০ কোটি টাকা যুক্ত হলে, 'সংযুক্ত অনুদান' খাতে রাজ্যের প্রাপ্ত অর্থ দাঁড়াবে ২,০৮২ কোটি ১৩ লক্ষ টাকা। অন্যদিকে, 'আবদ্ধ অনুদান' খাতে মোট ২,০৯৯ কোটি ১০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications