ধুতি-পঞ্জাবি পরে জিমে রাজ্যের মন্ত্রীর কসরত, ছবি হল ভাইরাল, কী বলছেন খোদ মন্ত্রী
মন্ত্রীর কসরত বলে কথা। তাও আবার ধুতি-পঞ্জাবি পরে জিমের শরীর চর্চা। খচাখচ ছবি উঠছিল। আসলে এটা ছিল কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠের মাল্টি জিমের উদ্বোধনী অনুষ্ঠান।
মন্ত্রীর কসরত বলে কথা। তাও আবার ধুতি-পঞ্জাবি পরে জিমের শরীর চর্চা। খচাখচ ছবি উঠছিল। আসলে এটা ছিল কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠের মাল্টি জিমের উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসাবে সেখানে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। লাল-ফিতা কেটে তিনি জিমের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত সকলের অনুরোধে জিমে একটু কসরতের পোজও দিতে হয় মন্ত্রীকে। ধুতি-পঞ্জাবি পরে মাল্টি-জিমে মন্ত্রীর এমন কসরতের ছবি হট-কেকের মতো ছড়িয়ে পড়েছে।

রাজ্য ক্রীড়া দফতরের উদ্যোগে স্কুলগুলিতে মাল্টি-জিমের বন্দোবস্ত করা হচ্ছে। এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠও। তাই তাদেরকে রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকে এই মাল্টি-জিম করে দেওয়া হয়েছে।

উদ্বোধনে আসা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও জানান, যে সব স্কুল এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল তাদের এমন মাল্টি জিম করে দেওয়া হচ্ছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীর চর্চা করলে স্বাস্থ্য ভালো ও সুস্থ থাকে। ভবিষ্যত জীবনে এই শরীর চর্চা ছাত্র-ছাত্রীদের সুস্থ থাকার পক্ষেও সহায়ক হবে।
কয়েক বছর আগে দমদমে একটি সুইমিং পুলের উদ্বোধনে গিয়েছিলেন সাংসদ সৌগত রায়। সেখানে আয়োজকদের অনুরোধে তাঁকে সুইমিং পুলে নেমে বেশকিছুক্ষণ সাঁতারও কাটতে হয়েছিল। সাঁতারের ট্রাঙ্ক পরা সৌগত রায়ের সেই ছবি মুহূর্তে সবধরণের মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। আসলে ছাত্র জীবনে সৌগত রায় একজন চ্যাম্পিয়ন সাঁতারু ও বক্সার ছিলেন। কিন্তু, রাজনৈতিক জীবনের চাপে সেই খেলা পাগল জীবনটাকে পিছনে ফেলে রেখে আসতে হয়েছে সৌগত রায়কে। রাজ্যের মন্ত্রীদের মধ্যে রবীন্দ্রনাথ ঘোষ-এর ফিটনেসও দেখার মত। সিনিয়র সিটিজেনের তালিকায় নাম লেখালেও মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ফিটনেস সকলকে অবাক করবে। এহেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন বুঝিয়ে দিলেন শরীর চর্চাই পারে একজনকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে। ধুতি-পঞ্জাবি পরে কসরতের পোজের ছবি এখানে যেন বার্তারই বাহক হিসাবে কাজ করছে।












Click it and Unblock the Notifications