মমতা মানছেন না চিকিৎসকদের পরামর্শ, মানুষের পাশে দাঁড়াতে প্রচারসূচি চূড়ান্ত
মমতা মানছেন না চিকিৎসকদের পরামর্শ, মানুষের পাশে দাঁড়াতে প্রচারসূচি চূড়ান্ত
এখনও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। আর মানুষের পাশে যেতে মানতে পারছেন না চিকিৎসকদের পরামর্শ। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার থেকে ফের নির্বাচনী প্রচারে (election campaign) নেমে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। হুইল চেয়ারে বসেই তিনি প্রচার করবেন বলে জানা গিয়েছে।

এসএসকেএম থেকে বাড়ি ফিরেছেন শুক্রবার
শুক্রবার সন্ধেয় এসএসকেএম থেকে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে হলদিয়ায় মনোনয়ন জমা দেওয়ার পরে নন্দীগ্রামের বিরুলিয়ায় পুজো দিয়ে নিজের গাড়ির দরজায় বাঁ-পায়ে গুরুতর আঘাত লেগেছিল তাঁর। এছাড়াও ঘাড়েও আঘাত লেগেছিল। সেখান থেকে সরাসরি কলকাতায় আনা হয় তাঁকে। চিকিৎসকরা প্রথমে পায়ে প্লাস্টার করলেও, পরে সেই প্লাস্টার খুলে অন্য একটি প্লাস্টার করা হয়। তাঁকে দেওয়া হয় প্লাস্টার শ্যু।

১৪ মার্চ ইস্তেহার প্রকাশ
বৃহস্পতিবার তৃণমূলের ইস্তেহার প্রকাশের কথা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার কারণে তা পিছিয়ে যায়। ঠিক হয়েছে ১৪ মার্চ ইস্তেহার প্রকাশ করা হবে। ওইদিন বাড়ি থেকেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ইস্তেহারে বেশ কিছু চমক থাকতে চলেছে বলে জানা গিয়েছে।

মানছেন না চিকিৎসকদের পরামর্শ
সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুক্রবার হাসপাতাল ছাড়লেও, চিকিৎসকরা চেয়েছিলেন তিনি আরও ৪৮ ঘন্টা হাসপাতালে কাটান। পাশাপাশি আরও সাতদিন বিশ্রাম নেওয়ার কথা বলেছিলেন চিকিৎসকরা। সাতদিন পরে আবার পরীক্ষার পরেই সিদ্ধান্ত জানাতেন চিকিৎসকরা। কিন্তু তা মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই প্রচারে অংশ নিতে চলেছেন তিনি।

মানুষের পাশে দাঁড়াতে
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেইছিলেন তিনিই ২৯৪ টি আসনে প্রার্থী। ফলে মানুষ তাঁকে পেতে চায়। তিনিও মানুষের পাশে দাঁড়াতে চান। সূত্রের খবর অনুযায়ী, তিনি বাড়িতে ফেরার পরে বলেছেন, নির্বাচন হল রাজনৈতিক সংগ্রাম। সেই সংগ্রামে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। সেক্ষেত্রে আঘাত, যন্ত্রণা কিছুই নয়। নিজের কষ্টকে উপেক্ষা করেই তাই মানুষের সামনেই তিনি পৌঁছে যেতে চান।

হুইল চেয়ারে করেই প্রচার
সোমবার থেকে হুইল চেয়ারেই প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ির মধ্যে, সিট খুলে হুইল চেয়ার বসানোর বন্দোবস্ত করা হচ্ছে। সেই হুইল চেয়ারে বসেই তিনি কপ্টার ব্যবহার করবেন। আর যেসব জায়হায় প্রচারে যাবেন, সেই সময় জায়গায় মঞ্চে ওঠার জন্য সিঁড়ির বদলে ঢালু পথের বন্দোবস্ত করা হবে। সূচি অনুযায়ী, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা রয়েছে ঝাড়গ্রামে। লালগড় এবং গোপীবল্লভপুরে সভা করার কথা রয়েছে তাঁর। সরকারি গেস্ট হাউসে রাত্রিবাস করে পরের দিন গড়বেতা, কেশিয়ারি এবং খড়গপুর গ্রামীণে সভা করবেন তিনি।












Click it and Unblock the Notifications