বাংলায় মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন সরকারি বাসে, বড় ঘোষণা শুভেন্দুর সরকারের
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ১ জুন থেকে রাজ্যের মহিলাদের সরকারি বাসে যাতায়াতে কোনও ভাড়া লাগবে না। এটি তাদের সংকল্প পত্রে দেওয়া অন্যতম প্রধান অঙ্গীকার ছিল।
নির্বাচনী প্রচারে 'অন্নপূর্ণা ভাণ্ডার'-এর ৩০০০ টাকা প্রদান এবং মহিলাদের বাস ভাড়া মকুবের মতো প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে জনমনে সংশয় ছিল। তবে সরকার গঠনের পর তা পূরণে সচেষ্ট দেখা যাচ্ছে। এই সুবিধা বাংলায় প্রথম নয়; দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটকেও সরকারি বাসে মহিলাদের জন্য এই ব্যবস্থা চালু আছে।

সোমবার মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরুর দিনক্ষণ জানিয়েছেন, যদিও সরকারি বিজ্ঞপ্তি এখনও আসেনি। এরই মধ্যে প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রথমত, সরকার সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিয়েছে, যাঁদের আত্মবলিদানে বর্তমান সরকার গঠিত। দ্বিতীয়ত, সীমান্ত সুরক্ষায় গুরুত্ব দিয়ে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতার তৈরির জমি হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। তৃতীয়ত, রাজ্য এবার কেন্দ্রীয় 'বেটি বাঁচাও, বেটি পড়াও’, 'বিশ্বকর্মা যোজনা’ ও 'আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সাথে যুক্ত হবে। চতুর্থত, রাজ্যের আইপিএস, আইএএসরা এখন থেকে কেন্দ্রের প্রশিক্ষণে অংশ নিতে পারবেন, যা আগে সম্ভব ছিল না। পঞ্চমত, আজ থেকে রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হচ্ছে, যা এতদিন চলা অসাংবিধানিক ভারতীয় দণ্ডবিধি (IPC) প্রতিস্থাপন করবে। ষষ্ঠত, ২০১৫ সালের পর বন্ধ নিয়োগ প্রক্রিয়ার প্রেক্ষিতে সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications