Weather: মৌসুমী বায়ুর দেখা মিললেও পুরোদস্তুর বর্ষা কবে থেকে? সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
অসহনীয় ভ্যাপসা গরম থেকে মিলেছে স্বস্তি। গতকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। অবশেেষ বহু প্রতিক্ষিত মৌসুমী বায়ু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। যদিও বঙ্গে বর্ষার প্রবেশ অনেক আগেই হয়ে গিয়েছে তবে সেটা উত্তরবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
দক্ষিণবঙ্গের থেকে এক প্রকার মুখ ফিরিয়েছিল মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে প্রবল বর্ষণ শুরু হয়েছিল। তার জেরে একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তরবঙ্গে। তখন দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। যাকে বলে গলদঘর্ম দশা হয়েছিল দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছিল।

চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছিলেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। অবশেেষ এলেন তিনি। গতকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। যাকে বলে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে মৌসুমী বায়ু প্রবেশ করে ফেলেছে দক্ষিণবঙ্গে। তবে এখনও সবজেলায় প্রবেশ করেনি মৌসুমী বায়ু। শুক্রবার থেকে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করবে। তার আগে অবশ্য বর্ষার আগমন বার্তা নিয়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫.৫ মিলিমিটার। সপ্তাহান্তে চলবে বর্ষণ। অর্থাৎ শনি এবং রবিবার কলকাতা এবং সলগ্ল জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। পশ্চিমের জেলাগুলিতেও বর্ষা ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। গতকাল দুপুর থেকে কালো মেঘ করে বর্ষার বৃষ্টি হয়েছে কলকাতা শহরে। তার জেরে অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রা।
আর্দ্রতা জনিত অস্বস্তি এক ধাক্কায় কমে গিয়েছে। শুক্র এবং শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বর্ষণ চলবে। অতিরিক্ত বৃষ্টির কারণে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস নেমেছে। সিকিমের অবস্থাও খারাপ। উত্তর সিকিমে বেডাতে গিয়ে রাস্তা বন্ধ হয়ে একাধিক পর্যটক আটকে পড়েছেন। এখনও সকলে ফিরতে পারেননি বাড়িতে। তাঁদের উদ্ধারকাজ চালানো হচ্ছে। এদিকে উত্তরবঙ্গের বর্ষণের কারণে তিস্তা-তোর্সা সহ একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে।












Click it and Unblock the Notifications