ঘূর্ণাবর্ত বাসা বাঁধার উপযুক্ত পরিবেশ সাগরে, পুজোর মুখে খারাপ খবর শোনালেন আবহবিদরা
ঘূর্ণাবর্ত বাসা বাঁধার উপযুক্ত পরিবেশ সাগরে, পুজোর মুখে খারাপ খবর শোনালেন আবহবিদরা
পুজোর মুখে সাগরে বাসা বেঁধেছে একাধিক ঘূর্ণাবর্ত। এবার পুজো ভাসাতে পারে বৃষ্টি। পুজোর আগেই দুর্যোগের খবর শোনাল আবহাওয়া দফতর। রাজ্যের আবহাওয়ায় হঠাৎ বদল এসেছে। পুজোর আগেই হঠাৎ মুখভার আকাশের। এই দুর্যোগের মধ্যে প্রশ্ন উঠেছে পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া। আবহাওয়া দফতর আভাস দিয়েছে, পুজোয় এবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পুজো এগিয়ে আসছে, বদলে যাচ্ছে আবহাওয়া
আবহবিদরা জানান, সাগরে বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত বাসা বেঁধেছে। সেই ঘূর্ণাবর্তের জেরে পুজোর বাংলা ভাসতে পারে। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার গোটা বর্ষাকালজুড়ে বৃষ্টিপাতের তুমুল আকাল ছিল। কিন্তু যত পুজো এগিয়ে আসছে, ততই যেন বদলে যাচ্ছে আবহাওয়া। ফলে পুজোজুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও প্রবল হতে পারে বলে আশঙ্কা থেকে যাচ্ছে।

পুজো বৃষ্টির মধ্যেই কাটাতে হতে পারে
বিশিষ্ট আবহবিদ সুজীব কর জানিয়েছেন, এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, তাতে পুজোটা বৃষ্টির মধ্যে কাটবে। ষষ্ঠীতে হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু তারপর বৃষ্টিপাত বাড়বে বলে মনে করা হচ্ছে। পুজো এবার বৃষ্টির মধ্যেই কাটাতে হতে পারে। বৃষ্টির এমন সম্ভাবনার কথা এত আগে থেকে কীসের ভিত্তিতে বলছেন আবহবিদরা, তাও পর্যালোচনা করা হয়েছে।

একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা
পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ বঙ্গোপসাগরে তাপমাত্রা হঠাৎ বেড়ে গিয়েছে। এখন যদি হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। শুধু এক নয়, একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহবিদদের একাংশ এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন।

বদলে যাচ্ছে আবহাওয়ার মতি-গতি
ফের একবার শহরে কলকাতায় বৃষ্টিপাত শুরু হয়েছে। নিম্নচাপ অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ায় শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। কিন্তু ফের অন্য ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়। এদিন সকালে রোদ ঝলমলে আকাশ ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় আবহাওয়ার মতি-গতি। দুপুরের পরই শুরু হয়ে যায় বৃষ্টিপাত।

বঙ্গোপসাগরের উপর ফের একটি নিম্নচাপ!
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বাংলার উপর। রাজস্থান থেকে মধ্যপ্রদেশ হয়ে এসে পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখনই। তবে রবিবার থেকে বঙ্গোপসাগরের উপর ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে সোমবার থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কী বলছে আলিপুর হাওয়া অফিস
আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস জানিয়েছে, পুজোর বাংলা বৃষ্টিতে ভাসবে কি না, তা নিশ্চিতভাবে জানা যাবে পুজোর এক সপ্তাহ আগে। অর্থাৎ মহালয়ার পরে দেবীপক্ষের সূচনায় সঠিকভাবে জানা যাবে কী পরিস্থিতি দাঁড়াবে পুজোর বাংলার আবহাওয়ায়।












Click it and Unblock the Notifications