অনুব্রত গড়ে কাটমানি ফেরত চাইতে গিয়ে গুলি! ১ মহিলাসহ জখম ৫ ভর্তি হাসপাতালে
মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কাটমানি ফেরত দিতে। একদিনের মধ্যেই সেই কানমানি ফেরত দেওয়া নিয়ে উত্তাল বিভিন্ন জায়গা।
মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কাটমানি ফেরত দিতে। একদিনের মধ্যেই সেই কানমানি ফেরত দেওয়া নিয়ে উত্তাল বিভিন্ন জায়গা। সূত্রের খবর অনুযায়ী, অনুব্রত মণ্ডলের গড়ে কাটমানি ফেরত চাইতে গেলে পাঁচ গ্রামবাসী ছররা গুলিতে আহত হন বলে জানা গিয়েছে। তাঁদেরকে সিউড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান।

মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মঙ্গলবার। বুধবার ভোর থেকেই কাটমানি ফেরত পাওয়ার আশায় বিক্ষোভের প্রথম খবর আসে বীরভূম থেকে ইলামবাজারে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করেন তৃণমূল কর্মী সমর্থকরা। আর কাটমানি ফেরত দেওয়া নিয়ে গুলি চালনার অভিযোগ আসে সেই বীরভূম থেকেই।
এবার ঘটনাস্থল দুবরাজপুরের রসুলপুর। বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিশেষ করে অভিযোগ উঠেছে ১০০ দিনের প্রকল্পে টাকা তছরুপের। আর তা ফেরত দেওয়ার দাবিতে দুবরাজপুরে পঞ্চায়েত প্রধান এবং সদস্যের বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা। উত্তেজনা একটা সময় এমন চরম অবস্থায় পৌঁছয় যে, পঞ্চায়েত প্রধান ও সদস্যের সাগরেদরা ছররা গুলি চালায় বলে অভিযোগ। গ্রামবাসীদের ভয় দেখাতে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। তাতেই এক মহিলা-সহ ৫ জন জখম হন। তাঁদেরকে সিউড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।












Click it and Unblock the Notifications