বিজেপির যোগদান কর্মসূচিতে বাধা তৃণমূলের! মুকুল রায়ের সভার আগেই উধাও মঞ্চ
তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উভয়পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে গাড়ি। অনিশ্চিত হয়ে পড়েছে মুকুল রায়ের সভা।
মুকুল রায়ের সভার আগেই রণক্ষেত্র হয়ে উঠল জলপাইগুড়ি। লণ্ডভণ্ড হয়ে গেল বিজেপির সভা ক্ষেত্র। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উভয়পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে গাড়ি। অনিশ্চিত হয়ে পড়েছে মুকুল রায়ের সভা। উল্লেখ্য এদিনই ময়নাগুড়ির সভায় তৃণমূল ছেড়ে শিবশঙ্কর দত্তের যোগ দেওয়ার কথা বিজেপিতে। তার আগে শিবশঙ্কর দত্তের অনুগামীদের মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

মুকুল রায় জলপাইগুড়িতে আসার পরই জেলা তৃণমূলে ভাঙন ধরে। প্রথম দিনেই রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিখা চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। তারপর শিবশঙ্কর দত্তও দল ছাড়েন। জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তীর কাছে চিঠি লিখে দল ছাড়ার কথা জানান তিনি। তাঁর এদিনের সভায় মুকুল রায়ের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেওয়ার কথা ছিল তাঁর।
এদিন জলপাইগুড়ির জোড়পাকড়ি এলাকায় সভা করার কথা ছিল মুকুল রায়ের। এই সভাস্থলকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দু-পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। মুকুল রায়ের সভাতে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির অভিযোগ তৃণমূল ভেঙে বিজেপিতে যোগদানের কর্মসূচি বানচাল করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিত হামলা চালায়। তৃণমূলের কোনও কর্মসূচি ছিল না। তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপিই তাঁদের উপর প্রথমে হামলা চালিয়েছে।












Click it and Unblock the Notifications