ফের সংসদে বাংলায় বলবেন দেব, ভোট প্রচারে ভারতীকে দিলেন মুখের মতো জবাব
আবার সংসদে যাওয়ার সুযোগ হলে ঘাটালের উন্নয়নে ফের সংসদে বাংলা ভাষাতেই সওয়াল করবেন দেব। ভারতী ঘোষের কটাক্ষের জবাব দিলেন ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী।
আবার সংসদে যাওয়ার সুযোগ হলে ঘাটালের উন্নয়নে ফের সংসদে বাংলা ভাষাতেই সওয়াল করবেন দেব। শনিবার পিংলার দুজিপুরে ঘাটাল এলাকায় নির্বাচনী প্রচারে এসে ভারতী ঘোষের কটাক্ষের জবাব দিলেন ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব। উল্লেখ্য, শুক্রবার দেবের বাংলায় ভাষণ দেওয়া নিয়ে সমালোচনা করেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।


এর আগে দেবকে ব্যেক্তিগত আক্রমণ করবেন না জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি প্রার্থী ভারতী ঘোষ জানিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই দেবকে কটাক্ষ করতে শুরু করেন। তিনি দেবকে কটাক্ষ করে বলেন, দেব ইংরেজি জানেন না। আর সংসদে ইংরেজিতে বলতে না পারলে ঘাটাল এলাকার জন্য কোন প্রকল্প আসবে না।

এই দিন নিজের প্রচারে বিজেপি প্রার্থীর সেই কথার জবাব দেন দেব। বলেন, "সংসদে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথম বার আমি যখন দাবি করি তখন বাংলায় বলেছিলাম। প্রকল্প অনুমোদন পেলেও কেন্দ্র টাকা দেয়নি। আবার সংসদে যদি যাওয়ার ও বলার সুযোগ পাই, তাহলে আমি বাংলাতেই বলব। এবং ঘাটালের জন্য আরও উন্নয়ন করব।"

ভারতী ঘোষ অভিযোগ করেছিলেন, দেব এলাকার সাংসদ হিসাবে কোনও কাজ করেননি। সেই কথারও জবাব দিয়েছেন দেব। জানিয়েছেন, এলাকার জন্য তিনি কী কী করেছেন। তিনি বলেন, আমার দল কখনও কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। উন্নয়নমূলক কাজ করে। আমিও কাউকে লোভ দেখাতে চাই না। যা করতে পারব সেটাই বলি।

এদিন ঘাটালে যখন প্রচার করছিলেন দেব সেই সময় এই কেন্দ্রের দাসপুর এলাকায় প্রচার সারেন ভারতী ঘোষ। বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের কথা ও অভিযোগ শোনেন তিনি। এই এলাকায় রাস্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলে ভারতী ঘোষ জানান তিনি জিতলেই এলাকায় রাস্তার ও বন্যা নিয়ন্ত্রণ করার প্রকল্প নিয়ে সরব হবেন এবং কেন্দ্র থেকে কাজ আদায় করে আনবেন।













Click it and Unblock the Notifications