West Bengal Ration Scam: রেশন মামলায় চাঞ্চল্যকর মোড়! গভীর রাতে আনিসুর ও তাঁর ভাইকে গ্রেফতার করল ইডি
West Bengal Ration Scam: রেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়! প্রায় ১৪ ঘণ্টা জেরা শেষে দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমানকেও। বৃহস্পতিবার সকালে ধৃত দুজনই হাজিরা দেন ইডির সিজিও কমপ্লেক্সে।
জেরায় দুজনের বক্তব্যে একাধিক অসঙ্গতি সামনে আসে। এমনকি বহু প্রশ্ন তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে সূত্রের খবর। এরপরেই আনিসুর রহমান এবং মুকুলকেও গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধৃতদের আজ শুক্রবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে (West Bengal Ration Scam) ।

আদালতে ইডি কী জানায় সেদিকেই নজর থাকবে। বলে রাখা প্রয়োজন, রেশন দুর্নীতি কেলেঙ্কারির (West Bengal Ration Scam) অন্যতম মাস্টারমাইন্ড বাকিবুর রহমানকে এর আগেই গ্রেফতার করা হয়। তাঁকে দফায় দফায় জেরা করে একাধিক তথ্য পান তদন্তকারীরা। এছাড়াও গত কয়েকমাসে একাধিক তথ্য হাতে পান ইডির আধিকারিকরা।
সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে ময়দানে নেমে পড়েন ইডির আধিকারিকরা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকলে পৌঁছে যান তাঁরা। একই সঙ্গে ধৃত আলিফ নুর ওরফে মুকুলের বাড়ি, চালকলেও তল্লাশি চালানো হয়। এছাড়াও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ট ব্যবসায়ী বারিক বিশ্বাসের ফ্ল্যাট, অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালান আধিকারিকরা। প্রায় ৯ ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চলে।
দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি পাওয়া গিয়েছে। বারিকের বাড়ি থেকে উদ্ধার হয় ২০ লাখ টাকাও। এরপরেই তাঁকে তলব করা হয়েছে। আজ শুক্রবার ইডির মুখোমুখি হওয়ার কথা আছে বারিকের। অন্যদিকে মুকুলের বাড়ি, চালকলেও ২১ ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়।
সেখানেও একের পর এক চাঞ্চল্যকর নথি উদ্ধার হয়। উদ্ধার হয় লাখ লাখ টাকা। এরপরেই বেশ কিছু নথি নিয়ে দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবভং তাঁর ভাইকে তলব করে ইডি। সেই মতো বৃহস্পতিবার সকালেই তাঁরা পৌঁছে যান। ইডির দফতরে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় তাঁদের একাধিক প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি।
তবে দীর্ঘ জেরা শেষে গভীর রাতেই দুজনকে রেশন দুর্নীতি মামলায় (West Bengal Ration Scam) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বলে রাখা প্রয়োজন, আনিসুর এবং মুকুল দুজনেই মাস্টারমাইন্ড বাকিবুর রহমানের আত্মীয়।












Click it and Unblock the Notifications