‘চাটনি’ থেকে ‘চাটনিবাবু’, বহু নামে বিভূষিত মুকুল এখন ‘চাটনিদাদু’! কে দিলেন এই নাম
‘চাটনি’ থেকেই মুকুল রায়কে ‘চাটনিবাবু’ বলে ডাকতে শুরু করেছিলেন ‘বাচ্চাছেলে’ পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এখানেই শেষ নয়, তৃণমূল ছাড়ার পর বহু নামে বিভূষিত মুকুল রায় এবার ‘চাটনিদাদু’ তকমাও পেয়ে গেলেন।
মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে 'চাটনি' নামে অভিহিত করেছিলেন তাঁর নতুন দলেরই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর কটাক্ষ করে সেই 'চাটনি' থেকেই মুকুল রায়কে 'চাটনিবাবু' বলে ডাকতে শুরু করেছিলেন 'বাচ্চাছেলে' পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এখানেই শেষ নয়, তৃণমূল ছাড়ার পর বহু নামে বিভূষিত মুকুল রায় এবার 'চাটনিদাদু' তকমাও পেয়ে গেলেন। আর সেই নামে তাঁকে ডাকলেন তাঁর এক সময়ের রাজনৈতিক 'শিষ্য' অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পশ্চিম মেদিনীপুরের সবংয়ে উপনির্বাচনে দলীয় প্রার্থী গীতারানি ভুঁইয়ার সমর্থনে প্রচারে গিয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই নির্বাচনী জনসভা থেকেই মুকুল রায়কে তোপ দাগলেন তিনি। কটাক্ষ করলেন 'চাটনিদাদু' নামে। ফের 'চাটনিদাদু'কে চ্যালেঞ্জ দিলেন রাজ্যের যে কোনও আসন বেছে নিয়ে জিতে দেখানোর।
বিশ্ববাংলা বিতর্ক উত্থাপন করার পর দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়কে 'চাটনিবাবু' বলে কটাক্ষ করেন। সেই রেশ টেনেই অভিষেক বলেন, 'উনি আসলে 'চাটনিদাদু'। দাদু এই কারণেই যে, ওনার কাছে সবাই তো 'বাচ্চাছেলে'। তাই 'চাটনিবাবু'র থেকে 'চাটনিদাদু' নামটা অনেক উপযুক্ত হবে।' অভিষেক ব্যাখ্যা করেন, 'ওনার কাছে ৬০ বছরের পার্থ চট্টোপাধ্যায়ও বাচ্চাছেলে, আর ৩০ বছরের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাচ্চাছেলে, তাহলেই বলতেই হয় উনি দাদু। উনি 'চাটনিদাদু' হয়েই থাকুন।'

এদিন মানস ভুঁইয়ার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করা নিয়েও মুকুল রায়কে কটাক্ষ করেন অভিষেক। অভিষেক বলেন, 'গত বছর মানস ভুঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। আমি এবং পার্থ চট্টোপাধ্যায় তাঁর হাতে পতাকা তুলে দিই। সেদিনও ইস্ত্রি করা পাঞ্জাবি পরে তিনি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। যদি মানসবাবুর দল ছাড়াকে তিনি সমর্থন না করেন, তবে তাঁর তো উচিত ছিল পরেরদিনই দল ছেড়ে বেরিয়ে যাওয়া! সেদিন তো তিনি বেরিয়ে যাননি! আজ এত বিলম্বে তাঁর কেন একথা মনে পড়ল 'চাটনিদাদু'র?
এর আগে মুকুল রায়কে 'বাংলার মীরজাফর' বলে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁর হাত ধরে তিনি রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন-রাজনীতির হাতেখড়ি হয়েছিল, সেই অভিষেকের তোপে এখন বিদ্ধ হচ্ছেন 'গুরু' মুকুল রায়। 'বাংলার মীরজাফর' বলে আক্রমণের পর মুকুলকে এবার 'চাটনিদাদু' আখ্যা দিলেন 'বাচ্চাছেলে' অভিষেক।












Click it and Unblock the Notifications