বিজেপি সভাপতিকে স্বাগত জানাতে ‘তৈরি’ অনুব্রত মণ্ডলরা! জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে
তারাপীঠে বিজেপি সভাপতি অমিত শাহকে স্বাগত জানাতে ‘প্রস্তুতি’ সেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। রাস্তার দু’ধার অনুব্রত মণ্ডলরা সাজিয়ে তুলেছেন বড় বড় ফ্লেক্সে।
তারাপীঠে বিজেপি সভাপতি অমিত শাহকে স্বাগত জানাতে 'প্রস্তুতি' সেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। রাস্তার দু'ধার অনুব্রত মণ্ডলরা সাজিয়ে তুলেছেন বড় বড় ফ্লেক্সে। কোনও ফ্লেক্সে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশালাকার ছবি, কোনও ফ্লেক্সে ছবি অনুব্রত মণ্ডলের। তাতে লেখা- তারাপীঠে আগত দর্শনার্থীদের জানাই স্বাগত। কোথাও বাংলায়, কোথাও লেখা হিন্দিতে।

ঠিক অমিত শাহ আসার আগে এই ফ্লেক্স লাগানোর অর্থ কী? তা নিয়েই এখন চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একাংশের মতে বিজেপিকে চ্যালেঞ্জ ছোড়ার উদ্দেশ্যেই এই ফ্লেক্স সাজিয়ে তোলা হয়েছে। তৃণমূল দেখাতে চাইছে, এখানে বিজেপির কোনও স্থান নেই। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই সব। আর বীরভূমে অনুব্রত মণ্ডল।
রাজনৈতিক মহলের একাংশ আবার মনে করছে, অমিত শাহ আসার আগে তারাপীঠের এই সাজসজ্জার পিছনে লুকিয়ে রয়েছে অন্য বার্তা। এই স্বাগত-বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে আসার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই নরেন্দ্র মোদীর পিছনে ঘুরছেন, কিন্তু তিনি পাত্তা দেননি। তাই এখন অমিত শাহের যাত্রাপথে স্বাগত বার্তা দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
তবে তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তারাপীঠের সাজসজ্জা অমিত শাহের জন্য নয়। স্বাগত বার্তাও তাঁর জন্য নয়। তারাপীঠের দর্শনার্থীদের জন্যই এই বার্তা। উল্লেখ্য, আগামী ২৮ জুন অমিত শাহ আসছেন তারাপীঠে। তিনি তারাপীঠ মন্দিরে পুজো দেবেন। কলকাতা থেকে তারাপীঠ আসবেন হেলিকপ্টারে। তারপর সড়কপথে তিনি মন্দিরে ঢুকবেন।
সেই যাত্রাপথই মুড়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ফ্লেক্সে। বিশ্বভারতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগেও এরকম সাজিয়ে তোলা হয়েছিল রাস্তাঘাট। আবারও বিজেপির সর্বভারতীয় সভাপতি আসার আগে সাজানো হল।












Click it and Unblock the Notifications