জল নিকাশিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর
জল নিকাশি ব্যবস্থাকে কেন্দ্র করে বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এলাকায়।
জল নিকাশি ব্যবস্থাকে কেন্দ্র করে বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এলাকায়। অভিযোগ, বেতুলিয়াচক ও লালপুর গ্রামে নিকাশি ব্যবস্থা কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

মঙ্গলবার রাতে বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে ও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার বিকেলে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তখন তারা ইট পাথর নিয়ে একে অন্য গোষ্ঠীর লোকদের দিকে ছোড়ে। রাতে দুই গোষ্ঠীর মধ্যে ফের সংঘর্ষ বাঁধে এবং সেই সময় বোমাবাজি করা হয় বলে অভিযোগ।
এলাকার তৃণমূল কংগ্রেসের ব্লক সম্পাদক আজিজুল হোসেন দাবি করেন যে তাকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীর দিকে। অন্যদিকে, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি হারুন রশিদের দাবি, তার অনুগামীদের বাড়িতে ভাঙচুর ও হামলা চালিয়েছে দলের অন্য গোষ্ঠীর লোক।
এলাকার মানুষ বলেছেন যে রাতে বোমাবাজির ঘটনার পর তারা কিছুটা আতঙ্কে আছেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ টহল দিচ্ছে।












Click it and Unblock the Notifications