Zilla Parishad: হাওড়ায় জেলা পরিষদ বোর্ডে নেই চমক, হুগলি ও পশ্চিম বর্ধমানে সভাধিপতি পদে নতুন মুখ
Zilla Parishad: আজও বেশ কিছু জেলায় শপথগ্রহণ করলেন জেলা পরিষদে নির্বাচিত সদস্যরা। হাওড়া জেলা পরিষদে সভাধিপতি পদে রদবদল না হলেও হুগলি ও পশ্চিম বর্ধমান পেল নতুন সভাধিপতি। যদিও পশ্চিম বর্ধমানে সদ্যপ্রাক্তন সভাধিপতির স্বামী এবার সভাধিপতি হলেন।
পশ্চিম বর্ধমানের সভাধিপতি সুভদ্রা বাউড়ি এবার ভোটেই দাঁড়াননি। তাঁর স্বামী বিশ্বনাথ বাউড়ি সভাধিপতি হয়েছেন।

পশ্চিম বর্ধমানের নতুন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, সহকারী সভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া। শপথ গ্রহণ অনুষ্ঠানটি আসানসোল জেলা পরিষদ কার্যালয় অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক অরুন প্রসাদ, DPRDO তমজিত চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ,জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং।
প্রাক্তন জেলা সভাধিপতি সুভদ্রা বাউড়িও উপস্থিত ছিলেন শপথ গ্রহণের অনুষ্ঠানে। বারাবনি বিধানসভা এলাকার জেলা পরিষদ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ বাউড়ি।

বিরোধী শূন্য হাওড়া জেলা পরিষদের সভাধিপতি এবং সহ সভাধিপতি হিসেবে পুনঃনির্বাচিত হলেন যথাক্রমে কাবেরী দাস এবং অজয় ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় জানান, এটা আমাদের টিম ওয়ার্ক। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মানুষের জন্য কাজ করেছে। প্রশাসন উন্নয়নের কাজে সহায়তা করেছে।
সভাধিপতি কাবেরী দাস বলেন, আমরা বিগত দিনের মতো প্রত্যেকে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। গ্রামোন্নয়নে জোর দেওয়া হবে।

হুগলি জেলা পরিষদের সভাধিপতি হলেন রঞ্জন ধারা। সহকারী সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা। আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে হয় নব নির্বাচিত সদস্যদের শপথ। হুগলি জেলা পরিষদে ৫৩ জন সদস্য। তৃণমূলের ৫১ জন। বিজেপির দুই জন। খানাকুল থেকে জয়ী বিজেপির সুশান্ত ঘোষ অনুপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। রঞ্জন ধারা ২০১৩ সাল থেকে টানা তিন বার হুগলি জেলা পরিষদের সদস্য। কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগের প্রাক্তন বিধায়ক। এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচিত।












Click it and Unblock the Notifications