হুমকি ও ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলায় এই অভিযোগ উঠেছে হলদিয়া এলাকার ভবানীপুর থানার এক আধিকারিক, মুকুল মল্লিকের বিরুদ্ধে।
পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি সলোমান নেশাকুমার বলেছেন, অভিযোগ দায়ের করার পর মুকুল মল্লিক নামের ওই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনসে 'ক্লোজ' করা হয়েছে। জানা গিয়েছে, যে কাপাসগেড়িয়া এলাকার এক ব্যক্তির নামে বেআইনি মদ বিক্রি করার অভিযোগ ছিল। তিনি আদালত থেকে জামিন না নেওয়ায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কী করে স্বামীকে বাঁচানো যায় তা নিয়ে ওই মহিলা এই আধিকারিকের সাথে যোগাযোগ করেন। ওই মহিলা অভিযোগ করেন, যে ওই পুলিশ অফিসার তার ফোন নম্বর নিয়ে তাকে যোগাযোগ করতে বলেন। তার পর সাহায্য করার নামে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র ও ভয় দেখিয়ে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে। তার ছবি ও ভিডিও তুলে রেখে হুমকি দিয়ে বলা হয় কাউকে বললে তার স্বামীকে ডাকাতির ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হবে। এতদিন তার স্বামী লুকিয়ে লুকিয়ে থাকতেন।
সম্প্রতি হলদিয়া আদালতে তার স্বামী জামিন পেয়ে ঘরে আসেন। তখন তিনি তার স্বামীকে সব কিছু জানান। স্বামীর পরামর্শে তিনি ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পর শনিবার ওই পুলিশ আধিকারিক কে ক্লোজ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।