কালিয়াগঞ্জের ঘটনায় CBI তদন্ত, নিরাপত্তার আশ্বাস! বীরভূমে সাধুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তীব্র আক্রমণে শুভেন্দু
কালিয়াগঞ্জে নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত এবং পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি ছিলেন নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এক কর্মসূচিতে।
মেরে ঝুলিয়ে দেওয়াটা তৃণমূল করে থাকে। এদিন নন্দীগ্রামে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বীরভূমে সাধুর সঙ্গেও একই ঘটনা ঘটেছে, অভিযোগ করেছেন তিনি।

আতিক আহমেদের মৃত্যুর বদলা নিতে সিমি, জামাত এই ঘটনার পিছনে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
প্রসঙ্গত বীরভূমে পুরন্দরপুরে মন্দিরের বাইরে ভুবন বাবা নামে সাধুর ঝুলন্ত অবস্থায় মৃত্যুর ঘটনা নিয়ে এদিন টুইট করেছেন বিরোধী দলনেতা। সেখানে তিনি বলেছেন, সারা বিশ্বের হিন্দু সন্ন্যাসী এবং আধ্যাত্মিক গুরুজের কাছ থেকে তিনি বহু ফোন কল পেয়েছেন। তিনি সাধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচলিত।
কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে শুভেব্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে বলেছেন, বাংলা সম্মান মাটিতে মিশিয়েছে। তিনি বলেছেন, ওই নাবালিকার পরিবারের সঙ্গে এদিনই তিনি কথা বলেছেন। মেয়ের পারলৌকিক ক্রিয়ার পরে পরিবারের সদস্যরা কলকাতায় আসবেন। তারপরেই তাঁরা কলকাতায় এসে হাইকোর্টে সিবিআই তদন্তের জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন শুভেন্দু।

বিরোধী দলনেতা বলেছেন, সিবিআই তদন্ত শুরু হলে, পরিবারকে পুরো নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেছেন, শুধু জাভেদ নামে যুবকই নয়, বেশ কয়েকজন দুষ্কৃতী এই ঘটনার পিছনে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, ঘটনাটি গণধর্ষণের।
ডিএ-র দাবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কালীঘাটে অভিযান করে কিছু হবে না, নবান্নার চোদ্দো তলা থেকে নামাতে হবে। সরকারের রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্প নিয়েও তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এদিন টেঙ্গুয়ায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের কর্মসূচি নিয়েছিলেন। সেখানে তিনি গ্রামবাসীদের মধ্যে ছাতা বিতরণ করেন। পাশাপাশি তিনি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করেন।












Click it and Unblock the Notifications