Mothabari: থমথমে এলাকা, বন্ধ ইন্টারনেট; মোথাবাড়ির ৩ কিমি আগেই সুকান্তকে বাধা পুলিশের! তুমুল বিক্ষোভ
Mothabari: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মালদহের (Malda) মোথাবাড়ি। এখনও থমথমে পরিস্থিতি। রবিবার মোথাবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কিন্তু মাঝপথেই সুকান্তকে আটকাল পুলিশ। মোথাবাড়ির ৩ কিলোমিটার আগেই আটকানো হয় সুকান্ত-সহ বিজেপি কর্মীদের। বাধা পেয়ে সুকান্তর সঙ্গে রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে স্লোগান বিজেপি কর্মীদের।
সুকান্তদের আটকাতে পরপর ব্যারিকেড তৈরি করে পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি কর্মীরা। এরপর সাদুল্লাপুরের কাছে ১০-১২ ফুট উচ্চতার বাঁশের দ্বিতীয় ব্যারিকেডে সুকান্তদের আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। মোথাবাড়িতে হামলার সময় পুলিশ কর্মীরা কোথায় ছিল? প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপি কর্মীদের। "পুলিশমন্ত্রী হায় হায়" স্লোগানও দেন বিজেপি কর্মীরা।

রবিবার মোথাবাড়ি পৌঁছনোর ১০ কিলোমিটার আগে গাড়ি থেকে নামে সুকান্ত। মোথাবাড়ি থেকে ১০ কিলোমিটার আগেও পুলিশি ধরপাকড় ও নির্দোষদের গ্রেফতারি চলছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ পেয়ে এদিন গাড়ি থামিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। হিন্দু অধ্যুষিত গ্রামে পুলিশ অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ সুকান্তর। তিনি বলেন, "পুরুষদের তুলে নিয়ে যাচ্ছে, রাতে মহিলাদের অত্যাচার করছে পুলিশ।"
বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা এসে স্থানীয়দের থেকে অভিযোগ নেবেন ও তা জাতীয় মহিলা কমিশনে পাঠানো হবে বলে জানান সুকান্ত। স্থানীয়দের কোনও অসুবিধা হলে বিজেপি কর্মীদের ফোন করে জানাতে বলেন সুকান্ত। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে সুকান্ত বলেন, জেলার পুলিশ আধিকারিকদের দিল্লিতে ডেকে নিয়ে উপযুক্ত শাস্তি দিক জাতীয় মহিলা কমিশন।
রবিবারও থমথমে মোথাবাড়ি। সেখানেই যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এলাকায় ঢুকতে দিল না পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোথাবাড়ির সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৯টি মামলা রুজু করা হয়েছে। গোটা এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications