পিসি-ভাইপোর লড়াই স্রেফ সময়ের অপেক্ষা, কোন সমীকরণে এই দাবি তুললেন সুকান্ত
পিসি-ভাইপোর লড়াই স্রেফ সময়ের অপেক্ষা, কোন সমীকরণে এই দাবি তুললেন সুকান্ত
রাজ্যের শাসক দলের শীর্ষস্তরে ক্ষমতার লড়াই শুরু হতে চলেছে। তৃণমূলকে নিয়ে এমনই আশঙ্কার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সমীকরণ নিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর এহেন বিবৃতিতে আবার নয়া জল্পনা শুরু হয়েছে শাসকের অন্দরমহলে। পাল্টা জবাব দিতে অবশ্য ছাড়েনি তৃণমূল।

মুখ্যমন্ত্রীকে দিল্লির মসনদে পাঠানোর নেপথ্যে অন্য সমীকরণ!
বিজেপির নয়া রাজ্য সভাপতির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে পাঠানো নিয়ে হইচইয়ের নেপথ্যে অন্য সমীকরণ রয়েছে। তা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের গদিতে বসার স্বপ্ন। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তড়িঘড়ি প্রধানমন্ত্রী প্রজেক্ট করে তৃণমূল কংগ্রেস আসরে নেমেছে। রাজ্যে রাজ্যে সংগঠন বিস্তারে জোর দিয়েছে।

পিসি-ভাইপোর লড়াই স্রেফ সময়ের অপেক্ষা, দাবি সুকান্তর
সম্প্রতি ভোট প্রচারে নানা সমীকরণ প্রকাশ্যে আসছে। বিজেপির রাজ্য সভাপতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ইঙ্গিত করে কটাক্ষ করেছেন। তাঁর কটাক্ষ, যতটা না পিসিকে দিল্লি পাঠানোর ইচ্ছা, তার থেকে বেশি নিজের এই রাজ্যের ক্ষমতায় বসার ইচ্ছা। রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে পিসি-ভাইপোর লড়াই স্রেফ সময়ের অপেক্ষা।

অভিষেকের করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে দাবি সুকান্তর
সুকান্ত বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশ থেকে বিজেপি সরকার উৎখাত হবে বলে বার বার দাবি করছেন অভিষেক। সম্প্রতি অভিষেকের করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের শীর্ষে নেতৃত্বে ক্ষমতার লড়াই প্রসঙ্গে এনছেন সুকান্ত মজমুদার। তাঁর মন্তব্যের আবার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

অভিষেকের যে মন্তব্যের সুকান্তর ক্ষমতার লড়াইয়ের তত্ত্ব
সম্প্রতি গোসাবায় তৃণমূলের প্রচার-মঞ্চ থেকে অভিষেক বলেছিলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী আওয়াজ উঠেছে, দেশ কা নেত্রী ক্যাসি হো, মমতাদিদি য্যায়সি হো। তিনি আরও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিশাসিত রাজ্যগুলিতে তাদের হারিয়ে সরকার গড়বে তৃণমূল। অভিষেকের এই মন্তব্যের জবাবেই সুকান্ত মজুমদার টেনে এনেছেন পিসি-ভাইপোর ক্ষমতার লড়াইয়ের তত্ত্ব।

নিজেদের লড়াই মেটান, তারপরে বড় বড় কথা বলবেন
আবার সুকান্ত মজুমদারকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, আমরা যা বলি, তা রাজ্য বা দেশের স্বার্থে। ওঁদের মতো ব্যক্তিস্বার্থ বা চেয়ারের স্বার্থে বলি না। আগে ওঁরা নিজেদের লড়াই মেটান। শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের লড়াই, আদি বিজেপির সঙ্গে তৎকাল বিজেপির লড়াই মেটান। তারপরে বড় বড় কথা বলবেন।

রাজনৈতিক বোধবুদ্ধিতে দিলীপ ঘোষেরই উত্তরসূরি সুকান্ত
এখানেই শেষ নয়, কুণাল ঘোষ সরাসরি সুকান্ত মজুমদারকেও নিশানা করেন। তিনি বলেন, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যাওয়ার আগে দাঁইহাটে বিজেপির কর্মীরা যে মারামারি করলেন, তা তো সকলেই দেখেছেন। রাজনৈতিক বোধবুদ্ধিতে দেখছি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেরই উত্তরসূরি। ওঁর কথা থেকেই তা বোঝা যাচ্ছে।












Click it and Unblock the Notifications