শুভেন্দুর গরহাজিরা ইন্ধন জোগাল গুঞ্জনে! রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা ২০২১-এ
একুশের নির্বাচনের লক্ষ্যে বিরাট রদবদল হয়েছে তৃণমূল কংগ্রেসে। তারপরে তৃণমূলের সমন্বয় কমিটির বৈঠক উপস্থিত হল প্রথমবার। সেই বৈঠকে গরহাজির রইলেন শুভেন্দু অধিকারী।
একুশের নির্বাচনের লক্ষ্যে বিরাট রদবদল হয়েছে তৃণমূল কংগ্রেসে। তারপরে তৃণমূলের সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হল প্রথমবার। সেই বৈঠকে গরহাজির রইলেন শুভেন্দু অধিকারী। একা শুভেন্দু নয়, আরও তিনজন অনুপস্থিত, তবু জল্পনার ঘনঘটা সেই শুভেন্দুকে নিয়েই। শুভেন্দু ফের চলে এসেছেন চর্চার কেন্দ্রবিন্দুতে।

শুভেন্দু অধিকারী কী কারণে অনুপস্থিত ছিলেন, ব্যাখ্যা নেই
তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, তৃণমূলের কো অর্ডিনেশন কমিটির বৈঠকে ২১ জনের মধ্যে গরহাজির ছিলেন মোট চারজন সদস্য। তার মধ্যে একজন কোয়ারেন্টাইনে থাকার জন্য আসতে পারেননি। কিন্তু শুভেন্দু অধিকারী কী কারণে অনুপস্থিত ছিলেন, তা ব্যাখ্যা করেননি। শুধু জানিয়েছেন, শুভেন্দু চিঠি দিয়ে জানিয়েছেন তিনি উপস্থিত থাকতে পারছেন না।

দুই কমিটিতেই শুভেন্দু, তবু অনুপস্থিতিতে জল্পনা বৃদ্ধি
একুশের জুলাইয়ের দুদিন পরে ভার্চুয়াল বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় দলে রদবদল করেন। ওইদিনই তিনি ২১ জনের সমন্বয় কমিটি বা কো-অর্ডিনেশন কমিটি গড়ে দেন। সাংগঠনিক কাজ দেখভালের জন্য এই কমিটি গড়ে দেওয়া হয়। সেখান থেকে আবার সাতজনকে নিয়ে তিনি স্টিয়ারিং কমিটি গড়েন। এই কমিটিই সর্বোচ্চ নীতি নির্ধারকের ভূমিকা পালন করবে।

শুভেন্দু অনুপস্থিতির নেপথ্যে কি কোনও গুঢ় রহস্য রয়েছে
শুভেন্দু দুটি কমিটিতেই রয়েছেন। অথচ তিনি উপস্থিত থাকলেন না সমন্বয় কমিটির প্রথম বৈঠকে। তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি নেতৃত্বের একাংশের সঙ্গে তাঁর সমীকরণ এবং নানা ক্ষোভ-অসন্তোষের কারণেই তিনি উপস্থিত হলেন না ৮ দিনের মাথায় প্রথম বৈঠকে? নাকি এর মধ্যে আরও কোনও গুঢ় রহস্য রয়েছে।

রাজনৈতিক অবস্থান নিয়ে গুঞ্জন উঠেছে আবার
২০২১-এর আগে বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চলছে। তিনি সম্প্রতি তৃণমূলের এবং রাজ্য সরকারের আরও দুটি অনুষ্ঠানে গরহাজির ছিলেন। একটি হুল দিবসে, অন্যটি নেতাই দিবসে। সম্প্রতি তাঁকে সমান্তরাল জনসংযোগ চালাতেও দেখা গিয়েছে। তবে কি একুশের আগে তিনি রাজনৈতিক অবস্থান বদলাতে পারেন, এমন গুঞ্জনও উঠে পড়েছে আবার।

গুঞ্জনে আবার নতুন করে ইন্ধন জুগিয়েছে গরহাজিরা
শুভেন্দু সমন্বয় কমিটির বৈঠকে অনুপস্থিত থাকা সেই গুঞ্জনে আবার নতুন করে ইন্ধন জুগিয়েছে। উল্লেখ্য, তৃণমূল ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন ১৭ জন। ছিলেন না শুভেন্দু অধিকারী, দেবু টুডু, মৃগাঙ্ক মাহাতো এবং হিতেন বর্মন। এর মধ্যে দেবু কোয়ারেন্টাইনে ছিলেন। শুভেন্দু অধিকারীর গরহাজিরা নিয়েই বেশি জল্পনা চলছে।

শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে তৃণমূলের বার্তা
যদিও তৃণমূল কংগ্রেস এমনই বার্তা দিয়েছেন যে, শুভেন্দুর অনুপস্থিতির বিশেষ কোনও তাৎপর্য খোঁজার কোনও দরকার নেই। কারণ তিনি চিঠি দিয়ে জানিয়েছেন, পরের বৈঠকগুলোতে থাকবেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্য সদস্যের কথা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দু থাকতে পারবেন না আগে থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications