ভোটে কড়া নজরদারি কমিশনের, বাড়ছে অবজারভারের সংখ্যা, পুলিশের উপরেও থাকবে আলাদা পর্যবেক্ষণ
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি আরও শক্ত করতে বড়সড় পরিকল্পনা করছে ভারতের নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবারের ভোটে জেনারেল অবজারভার ও পুলিশ অবজারভারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা করে একজন পুলিশ অবজারভার নিয়োগের বিষয়েও ভাবনাচিন্তা করছে কমিশন। এই সম্ভাব্য সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
জানা গিয়েছে, গত সোমবার কলকাতায় রাজ্যের ২৩টি জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকের পর কমিশনের পর্যবেক্ষণ পশ্চিমবঙ্গে কিছু প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা থাকলেও তা ভোট পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে না। অর্থাৎ আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগকে অনেকটাই খারিজ করেছে কমিশন।

তবে সেই সঙ্গে ভোটকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে বাড়ানো হচ্ছে নজরদারি। সূত্রের দাবি, ২০২১ সালের তুলনায় ২০২৬ সালের নির্বাচনে অবজারভারের সংখ্যা প্রায় দ্বিগুণ করা হতে পারে। প্রতিটি বিধানসভা এলাকায় একজন করে 'জেনারেল অবজারভার' নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভোটের সময় প্রার্থীদের আয় ও ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে এক্সপেন্ডিচার অবজারভারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে।
এই আবহেই বৃহস্পতিবার রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য ২৯৪ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, জেলা পরিষদের সচিব, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক, জেলা তফসিলি জাতি ও জনজাতি উন্নয়ন আধিকারিক সহ জেলা পরিকল্পনা আধিকারিক স্তরের আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ১৬০ জন জেনারেল অবজারভার, ৩৭ জন পুলিশ অবজারভার ও ৮৪ জন এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করা হয়েছিল। সেই সময় অনেক ক্ষেত্রেই একাধিক কেন্দ্রের দায়িত্ব সামলাতে হয়েছিল একজন পর্যবেক্ষককে।
তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা হতে পারে। সূত্রের খবর, জেলা বা মহকুমা ভিত্তিক নয়, বরং নির্দিষ্ট অঞ্চল বা বিধানসভা কেন্দ্রভিত্তিক পুলিশ অবজারভার নিয়োগের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে একজন নয়, একাধিক পুলিশ অবজারভারও থাকতে পারেন।
রাজ্যে আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে কমিশনের মাইক্রো প্ল্যানিং স্পষ্ট করে দিচ্ছে, নির্বাচন প্রক্রিয়ায় কোনও ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, ভোট প্রক্রিয়ায় কোথাও অবহেলা বা ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
-
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
হিংসামুক্ত ভোটে কমিশনের কড়া বার্তা, প্রস্তুতিতে তৎপর প্রশাসন -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা








Click it and Unblock the Notifications