Naxalbari: অঙ্ক পরীক্ষার আগে মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু, মায়ের সঙ্গে ঝগড়া করেই চরম সিদ্ধান্ত?
Madhyamik Candidate Death: মাধ্যমিকের বাংলা ও ইংরেজি পরীক্ষা মিটে গিয়েছে। শনিবার রয়েছে অঙ্ক পরীক্ষা। তাঁর আগেই শিলিগুড়ির নকশালবাড়িতে (Naxalbari) পরীক্ষার্থীর রহস্যমৃত্যু। বাড়িতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। অভিমানে বন্ধুর বাড়ি চলে গিয়েছিল অর্পিতা মণ্ডল নামে ওই ছাত্রী। সেখানেই মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়াল নকশালবাড়ির মেচবস্তি এলাকায়।
জানা গিয়েছে, রবিবার মায়ের সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অর্পিতা। সোমবার থেকে শুরু হয় পরীক্ষা। বান্ধবীর বাড়িতে থেকেই মাধ্যমিকের দুটি পরীক্ষা দিয়েছিল সে। বৃহস্পতিবার দুপুরে বান্ধবীর বাড়িতে ঘুমোনোর পর আর ঘুম থেকে উঠছিল না অর্পিতা।

গতকাল বিকেল পর্যন্ত ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করে তার বান্ধবী। শেষমেশ না ওঠায় অর্পিতার মাকে ডাকেন তাঁর বান্ধবী। তড়িঘড়ি অর্পিতাকে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আনার পর অর্পিতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নকশালবাড়ির খালপাড়া এলাকার বাসিন্দা অর্পিতা। নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং হাতিঘিসার পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল সে। হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। এরপর নকশালবাড়ি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। যদিও মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ। অ্যাডিশনাল পুলিশ সুপার অভিষেক রায় জানান, ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে। সেই মতো শুক্রবার সকালে এলাকায় যান ম্যাজিস্ট্রেট। স্থানীয় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেন তিনি।
মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মায়ের সঙ্গে কী নিয়ে ঝগড়া হয়েছিল, তাতে অর্পিতা কোনও চরম সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিষক্রিয়ার জেরে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications