Hunger Strike of Junior Doctors: সময় গড়াচ্ছে, চুপ নবান্ন! জুনিয়রদের পাশে 'খালি পেটেই' সিনিয়র চিকিৎসকরা
Hunger Strike of Junior Doctors: কেটে গিয়েছে ৩৮ ঘণ্টা! এখনও অনশনে জুনিয়র চিকিৎসকরা। শনিবার থেকে ছয়জন না খেয়ে রয়েছেন। রবিবার রাতে অনশনে যোগ দিয়েছেন আরজি কর হাসপাতালের তরফে অনিকেত মাহাতো। আন্দোলন নিয়ে যাতে কোনও প্রশ্ন উঠতে না পারে সেজন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
সরাসরি লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। এই অবস্থায় আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়াতে প্রতীকী অনশন শুরু করেছেন সিনিয়র চিকিৎসকরাও। আজ সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার এই প্রতীকী অনশনে বসেছেন অন্তত ১০ জন সিনিয়র চিকিৎসক। সংহতির বার্তা দিতেই এহেন পদক্ষেপ বলে জানিয়েছেন তাঁরা (Hunger Strike of Junior Doctors) ।

প্রত্যেকদিনই সিনিয়রদের তরফে কেউ কেউ না প্রতীকী অনশন করবেন বলেও জানানো হয়েছে (Hunger Strike of Junior Doctors) । তাঁদের দাবি, ওরা তো আমাদের সন্তানই। ওরা খাচ্ছে না। কীভাবে খাবার গলা থেকে নামবে? মন্তব্য সিনিয়র চিকিৎসকদের।
শুধু তাই নয়, তাঁরা আরও জানান, সময় পেরিয়ে যাচ্ছে। সরকার দ্রুত জুনিয়র ডাক্তারদের দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখুন। স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নতি করতে জুনিয়র ডাক্তারদের দাবিগুলি অবশ্যই মানার কথাও বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। শুধু চিকিৎসকরাই নন, বহু সাধারণ মানুষ সকাল থেকে অনশন মঞ্চে আসছেন। পাশে থাকার বার্তা দিচ্ছেন। এমনকি অন্যান্য পেশার মানুষরাও জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে একে একে এসে উপস্থিত হচ্ছেন বলে জানা যাচ্ছে।
তবে সরকারের তরফে এখনও পর্যন্ত কেউ যোগাযোগ করেনি বলে জানা গিয়েছে। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেই খবর। অন্যদিকে বায়ো টয়লেট রাখা নিয়ে কেটেছে জটিলতা। রাত থেকে এই বিষয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের একটা সংঘাত চলছিল। চিকিৎসকদের দাবি, বায়ো টয়লেট বসাতে দিচ্ছে না পুলিশ। এই সংঘাত আজ সোমবারেও দেখা যায়। এদিন সকালে বাতো টয়লেট বসাতে গেলে তা পুলিশ তুলে দেয় বলে অভিযোগ। অনুমতি না থাকার জন্যেই এই নির্দেশ বলেও দাবি করা হয় পুলিশ প্রশাসনের তরফে।
যদিও শেষমেশ দুটি বায়ো টয়লেট বসাতে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অনশনকারীরা সেটা ব্যবহার করছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, হাসপাতালগুলির পরিকাঠামো উন্নতি, পর্যাপ্ত নিরাপত্তা থেকে অভয়ার বিচার। এমনই ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করে জুনিয়র ডাক্তাররা।












Click it and Unblock the Notifications