RG Kar Incident: মমতার সঙ্গে আলোচনা চেয়ে নবান্নে মেল আন্দোলনরত চিকিৎসকদের, পাঁচ দফা দাবিতে অনড় থেকেই
RG Kar Incident: আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে ৩৫ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আজ তাঁদের ধর্নামঞ্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপরই নিজেদের মধ্যে আলোচনা সেরে নবান্নে মেল করলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা যে কোনও মুহূর্তে বৈঠকে বসতে রাজি। তবে পাঁচ দফা দাবি নিয়ে স্বচ্ছ্বতা বজায় রেখেই আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ধর্নামঞ্চে এসেছিলেন। আমরাও চাই আন্দোলনের মাধ্যমে জট কাটুক। তবে আমাদের পাঁচ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। এবং বজায় রাখতে হবে স্বচ্ছ্বতা।
বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর দফতরের পাশাপাশি মুখ্য সচিব মনোজ পন্থের কাছেও মেল পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মাধ্যমে। মেলে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সদর্থক মনোভাব নিয়ে ধর্নাস্থলে আসার জন্য এবং নিজের বক্তব্য রাখার জন্য।
জুনিয়র চিকিৎসকদের সংগঠন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। ৩৫ দিন ধরে তাঁরা যে পাঁচ দফা দাবিতে ন্য়ায়বিচার চেয়ে প্রতিবাদ-আন্দোলন চালাচ্ছেন, মুখ্যমন্ত্রীর এদিনের পদক্ষেপে সমস্যা সমাধানের পথ মসৃণ হবে বলে আশাবাদী চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই তাঁরা দ্বিপাক্ষিক বৈঠক চাইছেন। স্থান, কাল জানাতেও অনুরোধ করা হয়েছে।
এখনও অবধি নবান্ন থেকে মেলের উত্তর আসেনি। অনিকেত মাহাতকে প্রশ্ন করা হয়, স্বচ্ছ্বতা মানে কি তাঁরা ফের লাইভ স্ট্রিমিং চাইছেন? অনিকেতের মুখে লাইভ স্ট্রিমিংয়ের কথা শোনা যায়নি। উল্লেখ্য, মমতার বক্তব্য পেশের সময় মঞ্চে ছিলেন অনিকেত। এক সাংবাদিক তাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনিকেত করজোড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু কথাও বলেন।
আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন, আজ চাইলে আজ, এখন চাইলে এখন তাঁরা আলোচনায় বসতে রাজি। নবান্ন থেকে উত্তরের অপেক্ষায় রয়েছেন তাঁরা। সেখানে কোনও শর্ত থাকে কিনা সেটাও দেখা হবে। এমনকী বৈঠকে গেলে সেটাও সংবাদমাধ্যমকে জানানো হবে।
এক আন্দোলনকারী চিকিৎসক বলেন, মুখ্যমন্ত্রী যখন দুপুরে ধর্নামঞ্চে এসেছিলেন তাতে একটা বিষয় স্পষ্ট, আমাদের দাবি ন্যায়সঙ্গত। আমরা তাঁকে বলেছিলাম এখানেই বৈঠক হোক। কিন্তু সে কথা না শুনে তিনি নিজের কথা বলেই চলে যান। আমরাও চাই আলোচনার মাধ্যমে জট কাটুক। স্বচ্ছ্বতা বলতে সেই প্রক্রিয়া, যাতে সমস্ত মানুষ গোটা প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন।












Click it and Unblock the Notifications