বিজেপির ‘বিরাট-ধোনি’কে খোঁচা পার্থ-র, বিজেপিকে দিলেন ‘সঠিক’ পরামর্শ
দল ছাড়ার পর মুকুল রায়ের আক্রমণ প্রথম থেকেই সামলাচ্ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু হঠাৎই তিনি চুপ হয়ে গিয়েছিলেন মাঝের কয়েকটা দিন। এবার তিনি দিলেন পরামর্শ।
একে অপরের প্রতি কতটা কৃতজ্ঞ সদ্য তৃণমূলত্যাগী মুকুল রায় ও বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, তা বোঝাতে ক্রিকেটীয় ভাষা ব্যবহার করে চলেছেন মুকুল রায় ও দিলীপ ঘোষ। মুকুল রায় তো বিজেপিতে যোগ দিয়ে রাজ্য দফতরে প্রবেশ করেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তাঁর 'ক্যাপ্টেন' বলে সম্বোধন করেছিলেন। দিলীপ ঘোষও মুকুল রায়কে 'ধোনি' আখ্যায় পাল্টা কৃতজ্ঞতা জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে এবার পার্থ চট্টোপাধ্যায় ছোট্ট চিমটি কেটে দিলেন তাঁদের।

দল ছাড়ার পর মুকুল রায়ের আক্রমণ প্রথম থেকেই সামলাচ্ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু হঠাৎই তিনি চুপ হয়ে গিয়েছিলেন মাঝের কয়েকটা দিন। সেই যে মুকুল রায়কে 'বন্ধু' বলে সম্বোধন করেছিলেন, তারপর থেকেই তিনি নীরব। সেভাবে মুকুল রায়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না। এড়িয়ে যাচ্ছিলেন পুরো ব্যাপারটি। এবার কিন্তু মুকুল-দিলীপ প্রসঙ্গে ছোট্ট খোঁচা দিয়ে গেলেন।
দিলীপ ঘোষের মন্তব্য- 'আমি বিরাট, মুকুলদা ধোনি' প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বললেন, মুকুল রায় কোনওদিনও মাঠেই নামেননি, তাহলে কী করে উনি ধোনি হবেন। উনি তো পরীক্ষিতই নন। বরং বিজেপির উচিত ভালো একজন কোচ আনা। কেন তিনি এতদিন নীরব ছিলেন? এ প্রসঙ্গে পার্থবাবুর জবাব, 'আমরা মুকুল রায়কে নিয়ে ভাবছিই না। উনি যতই বলুন, তাঁকে উপেক্ষা করাই হবে।'

পার্থবাবু ভালো করে বুঝিয়ে দিয়েছেন মুকুল প্রসঙ্গে তৃণমূলের নয়া কৌশল হল উপেক্ষা। অযথা মুকুল রায়কে পাল্টা আক্রমণ করে তাঁর গুরুত্ব বাড়াতে চাইছে না দল। অপেক্ষাকৃত নীচু তলার নেতৃত্ব দিয়েই মুকুলকে 'ফেস' করা হবে। আর চলবে আইনি লড়াই। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মুকুল রায়কে উপেক্ষাই করে যাবে। সেইমতোই এখন তাঁর কথার কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না।
সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের চিটফান্ড যোগ ও নাকতলা উদয়ন সংঘ নিয়ে অনেক কথাই বলেছেন মুকুল রায়। এবং সেই সংক্রান্ত নানা নথিও দেখিয়েছেন সংবাদমাধ্যমের সামনে। এ প্রসঙ্গেও পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'আমি অমন ৫০০ ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছি। ওসব নিয়ে ভাবছি না, যা বলার বলবে ক্লাব।'
তবে মুকুল প্রসঙ্গে মন্তব্যে পার্থবাবু শুধু বলেন, 'বিজেপিতে যাওয়ার পর দলে গুরুত্ব বাড়ানোর জন্য উনি অনেক কথাই বলছেন, বলবেনও। বিজেপিও ওনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। যতই ওনাকে ধোনির জায়গায় বসুন দিলীপ ঘোষরা, মুকুল রায় কোনওদিন মাঠেই নামেননি। একটি নির্বাচনেও তিনি জিততে পারেননি আজ পর্যন্ত।'
উল্লেখ্য, মুকুল রায় উলুবেড়িয়ার সভাতেও দিলীপ ঘোষকে বিরাট কোহলি বলে সম্বোধন করেন। তিনি বলেন, 'দিলীপ ঘোষ খুব ভালো ব্যাটসম্যান।' তারপরই দিলীপ ঘোষ মুকুল রায়কে তাঁর দলের ধোনি বলে সম্বোধন করেন। সেই প্রসঙ্গেই পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, বিজেপির উচিত ভালো কোচের খোঁজ করা।












Click it and Unblock the Notifications