Panchayat Election Results 2023: মিম খাতা খুলল তিন জেলায়, সংখ্যালঘু ভোট নিয়ে উদ্বেগের চোরাস্রোত তৃণমূলে
Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলল মিম। আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-এ-উত্তেহাদুল মুসলিমিন রাজনৈতিক মহলে পরিচিত ভোট কাটুয়া হিসেবে।
তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি এটি বিজেপির টাকা নিয়ে তাদের হয়েই কাজ করে। একদিকে আইএসএফ অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলের। লোকসভা ভোটের এক বছর আগে ফের এ রাজ্যের শাসক দলের মাথাব্যথার কারণ হতে পারে মিম।

একটি জেলা নয়। এখনও অবধি তিনটি জেলায় খাতা খুলেছে মিম। মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভার দেওয়ান সরাই গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে শীতেশনগরে জিতেছেন মিম। দলের তরফে এটি গ্রামবাসীদের জয় বলে চিহ্নিত করা হয়েছে।
মালদহের হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদার বাগমারাতেও জয়ী হয়েছেন AIMIM প্রার্থী। এটি জেলা প্রেসিডেন্ট মাস্টার নুরশেদ আলমের বুথ। ১৬৮ নম্বর বুথে জয়ী হয়েছেন মিম প্রার্থী আক্তারি খাতুন। মালদহ জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ির ১৩২ নম্বর বুথেও জিতেছেন মিম প্রার্থী।

উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে বাজারগাও ২ নম্বর অঞ্চলের হাড়ভাঙ্গা গ্রামে মিম প্রার্থী জয়লাভ করেছেন। তিন জেলায় দলীয় প্রার্থীদের জয়ে উল্লাসে মাততে দেখা গিয়েছে মিম প্রার্থীদের। এই জয়েক ফলে লোকসভা ভোটে মিম তৃণমূলের সংখ্যালঘু ভোটে যে ধস নামাতে আরও উৎসাহী হবে তা বলার অপেক্ষা রাখে না।
শুভেন্দু অধিকারী আজ বলেছেন, নন্দীগ্রামের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে মুসলিমরা বিভিন্ন বুথে ৯৯ শতাংশ বুথে জিতিয়েছেন সেখানে তা এবার নেমে এসেছে শতকরা ৬০ শতাংশ। সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম পঞ্চায়েতগুলিতেও টিএমসির জয়ের মার্জিন কমেছে।
কয়েকটি পঞ্চায়েতে তৃণমূল মুসলিম ভোট থাকার কারণেই জিতেছে বলে অভিমত শুভেন্দুর। তাঁর কথায়, এখনও সংখ্যালঘুরা বেশি ভোট দিয়েছেন তৃণমূলকেই। ধস না নামলেও তৃণমূলের একাধিপত্যে ফাটল ধরেছে। এই ফাটলই চওড়া হবে বলে আশাবাদী শুভেন্দু।

শুভেন্দু এদিন আরও বলেছিলেন, সঠিকভাবে ভোট হলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় জেলা পরিষদ জিতত বিজেপি। মুর্শিদাবাদে ক্লিয়ার মেজরিটি পেত কংগ্রেস-সিপিআইএম জোট। ত্রিশঙ্কু হতো মালদহ জেলা পরিষদ।
ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদেও তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ফাটল তৈরি হয়েছে। মুর্শিদাবাদের ডোমকল, জলঙ্গী, রানিনগর, ইসলামপুরের মতো একদা লাল দুর্গে যেখানে বিধানসভা ভোটে খালি হাতে ফিরতে হয়েছিল, সেখানে এই এলাকাগুলি পুনরুদ্ধার করেছে বাম-কং জোট। বাম প্রার্থীর সংখ্যাই ছিল বেশি।
রানিনগর ১ নম্বর ব্লকে ৯টির মধ্যে ৬টি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বাম-কংগ্রেস জোট, তৃণমূল পেয়েছে তিনটি। রানিনগর ২-এ ৬টির মধ্যে বাম-কং জোট ৩টিতে জিতেছে, ২টিতে জিতেছে তৃণমূল। আরেকটি ত্রিশঙ্কু, যেখানে বিজেপি সমর্থন করলে সেটিতেও বাম-কং জোট বোর্ড গঠন করতে পারে। জলঙ্গিতেও ভালো ফল করেছে বাম-কং জোট।
এতেই ইঙ্গিত মুর্শিদাবাদের মতো জেলায় সংখ্যালঘুরা অনেকেই তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন নানা কারণে। আবার এই জেলায় তেমন সংগঠন না থাকলেও হিন্দু ভোট একত্রিত করে বেশ কয়েকটি আসন দখল করেছে বিজেপিও। সবমিলিয়ে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক রাজ্যের শাসক দলকে ভাবাবে নিশ্চিতভাবেই। আইএসএফের পাশাপাশি মিম খাতা খুলে ফেলায়।
মুর্শিদাবাদ জেলায় এখনও অবধি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল জিতেছে ১৮০টিতে, বিজেপি ২টিতে, বামফ্রন্ট ৫টিতে, কংগ্রেস ১০টিতে, অন্যান্যরা ৩টিতে ও ত্রিশঙ্কু ৫টি।












Click it and Unblock the Notifications