হোম ডেলিভারির মাধ্যমে করোনা আক্রান্তদের রান্না করা খাবার! মমতার সরকারের নতুন উদ্যোগ
হোম ডেলিভারির মাধ্যমে করোনা আক্রান্তদের রান্না করা খাবার! মমতার সরকারের নতুন উদ্যোগ
এবার করোনা (Coronavirus) আক্রান্তদের বাড়িতে সরকারি উদ্যোগে রান্না করা খাবার (food) পৌঁছে দেওয়া হবে। এব্যাপারে উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। বিষয়টি বাংলার গর্ব মমতা টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে।

রান্না করা খাবারের হোম ডেলিভারি
এদিন বাংলার গর্ব মমতার টুইটাক হ্যান্ডেলে বলা হয়েছে, রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোভিড-সংক্রমিত ব্যক্তিদের হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে সুষম খাদ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে বলা হয়েছে কোভিড সংক্রমিত ব্যক্তিদের পাশে থাকতে সোমবার থকে খাবারের হোম ডেলিভারি শুরু করা হবে।

জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল
আর্থিকভাবে পিছিয়ে পড়া করোনা আক্রান্তদের বাড়িতে শুকনো খাবার পৌঁছে দিতে এর আগেই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। এব্যাপারে জেলাশাসকদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়। পুলিশের মাধ্যমে সেই শুকনো খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি প্যাকেটের মধ্যে চাল, ডাল, মুড়ি, বিস্কুটের মতো খাবার দিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। মাথাপিছু তিনকেজি চাল, দেড় কেজি ডাল, এক কেজি মুড়ি, পাঁচ প্যাকেট বিস্কুট দিয়ে প্যাকেট তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সাধারণভাবে মৃদু উপসর্গযুক্ত রোগীরা হোম আইসোলেশনে রয়েছেন। অনেক পরিবারেই সবাই আক্রান্ত হওয়ায় রান্না করা সম্ভব হচ্ছে না। সেই সব মানুষদের জন্যই এই উদ্যোগ।

বাড়ি বাড়ি ফল পৌঁছে দিচ্ছে মমতার সরকার
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে করোনা আক্রান্তের বাড়িতে ফল পৌঁছে দেওয়া হচ্ছে। ১২ টি ফল নিয়ে একটি ঝুড়ির সঙ্গে যাচ্ছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা, গেট ওয়েল সুন। কলকাতার ফল পট্টিতে এই ফলের ঝুড়ি প্যাক করা হচ্ছে। দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী বলেছেন, আতঙ্কিত হবেন না, সাবধানে থাকুন। মাস্ক ব্যবহার করুন, মাথায় টুপি পরুন। সামনের কয়েকটা দিন গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক
বাংলার করোনা পরিস্থিতি উদ্বেগজনক। শনিবার স্বাস্থ্য দফতরের জারি করা ২৪ ঘন্টার রিপোর্ট অনুযায়ী ১৮,৮০২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৯ জনে। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬২,০৫৫ জন। সক্রিয়তার হার ২৯.৬০%। যদিও বিরোধীদের দাবি রাজ্যে পরীক্ষার সংখ্যা তুলনামূলক অনেক কম। ঘরে ঘরে জ্বর হলেও অনেকেই পরীক্ষা করাচ্ছেন না। আবার সরকারি তরফেও সবার পরীক্ষা করানোর উদ্যোগের অভার রয়েছে। অন্যদিকে চিকিৎসকরা এখনও সাধারণ মানুষকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করছেন।












Click it and Unblock the Notifications