SIR-এর খসড়া তালিকায় নাম নেই? আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ইলেকশন কমিশন, জানুন বিস্তারিত
ভোটার তালিকার SIR বা বিশেষ নিবিড় সংশোধন পর্বে অনেকেরই নাম খসড়া ভোটার তালিকায় ওঠেনি। স্বাভাবিক ভাবেই অনেকের মনেই প্রশ্ন উঠছে যে, 'নাম না থাকলে এবার কী হবে? নির্বাচন কমিশনই বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে?'

নিয়ম অনুযায়ী, খসড়া ভোটার তালিকায় যদি কারও নাম না থাকে তাহলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ভোটারকে শুনানির জন্য ডাকতে পারে। সেই শুনানি হবে আপনার জেলা অথবা মহকুমার কোনও সরকারি দফতরে। সাধারণত জেলা শাসক, মহকুমা শাসক অথবা অন্য কোনও প্রশাসনিক আধিকারিকের অফিসেই এই শুনানি হয়। আসলে, এই আধিকারিকরাই ইআরও অথবা এইআরও হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
তবে এখন প্রশ্ন হচ্ছে, কমিশন যদি আপনাকে ডাকে আপনি সেটা জানবেন কীভাবে?
যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম না থাকে এবং আপনি যদি বাদের তালিকায় নিজের নাম খুঁজে পান, তাহলে নির্বাচন কমিশনই আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। সাধারণত আপনার ভোটার তালিকায় নথিভুক্ত যে মোবাইল নম্বরটি আছে সেই নম্বরে একটি মেসেজ পাঠানো হতে পারে। সেই সঙ্গে, কমিশনের তরফে একটি আনুষ্ঠানিক নোটিশও জারি করা হবে। সেই নোটিশে শুনানির তারিখ, সময় এবং স্থান স্পষ্টভাবে লেখা থাকবে।
এখানে আরও একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি। সেটি হল, এইসব ক্ষেত্রে কমিশন আপনার ই-মেল আইডিতে আলাদা করে কোনও মেল পাঠায় না কিংবা ডাকযোগে কোনো চিঠিও পাঠায় না। নোটিশটি সরাসরি আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে বিএলও (BLO)-এর উপরে। অর্থাৎ, আপনার এলাকায় যে যে বিএলও থাকবে তারাই আপনাকে সেই নোটিস পৌঁছে দেবেন এবং জানিয়ে দেবেন, ঠিক কোথায় ও কবে আপনাকে হাজির হতে হবে।
শুধু তাই নয়, SIR সংক্রান্ত কোনও সমস্যা যদি হয় বা কোনও বিষয় যদি পরিষ্কার না হয় তাহলে সবার আগে আপনার বিএলও-র সঙ্গেই যোগাযোগ করা উচিত।
কিন্তু কীভাবে তাঁর নম্বর পাবেন?
প্রথমে Voters Helpline App খুলুন। তারপরে নিজের এলাকা বা বুথ নম্বর দিয়ে সার্চ করুন। সেখানেই আপনার বিএলও-র ফোন নম্বর পেয়ে যাবেন।
কমিশন যে দিন শুনানির তারিখ দেবে, সেই দিন প্রয়োজনীয় বৈধ নথি- যেমন পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ ইত্যাদি সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট ইআরও বা এইআরও-র অফিসে হাজির হতে হবে। শুনানির পরই ঠিক হবে, ভোটার তালিকায় আপনার নাম আবার অন্তর্ভুক্ত হবে কি না।
সব মিলিয়ে বলা যায়, খসড়া তালিকায় নাম না থাকলেও আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। সঠিক তথ্য এবং নথি নিয়ে সময়মতো হাজির হলেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা বেশি।












Click it and Unblock the Notifications