তৃণমূলে প্রত্যাবর্তনের পর মুকুলকে শুভেচ্ছা, দেড়মাসেই রাজনৈতিক পট পরিবর্তন কৃষ্ণনগরে
তৃণমূলে প্রত্যাবর্তনের পর মুকুলকে শুভেচ্ছা, দেড়মাসেই রাজনৈতিক পট পরিবর্তন কৃষ্ণনগরে
মুকুল রায় কোনওদিন জনপ্রতিনিধি হননি। সংগঠনের কাজেই নিজের রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। কিন্তু তাঁর জনপ্রিয়তাও যে নেহাত কম নয়, তার সাক্ষী হয়ে থাকল কৃষ্ণনগর। মুকুল রায় নিজের বিধানসভা ক্ষেত্রে পা দিতেই শুভেচ্ছা জানানোর ভিড় আর তুমুল হইচই সরগরম হয়ে উঠল বেলডাঙা।

রাজনীতিতে পট পরিবর্তন মুকুলের দলবদলে
মুকুল রায় শুধু যে কৃষ্ণনগরের বিধায়ক তা নন, তিনি নিজের বিধানসভা ক্ষেত্রে গিয়েছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর। মাত্র দেড় মাসেই অনেক কিছু বদলে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। মুকুল রায়ের হাত ধরে বাংলার রাজনীতিতে ফের এসেছে টুইস্ট। গেরুয়া শিবির ছেড়ে ঘরওয়াপসি হয়েছে মুকুলের। তারপরই তিনি পা রাখলেন কৃষ্ণনগরে।

তৃণমূলে প্রত্যাবর্তনের পর কৃষ্ণনগরে মুকুল
মুকুল রায় তৃণমূলে প্রত্যাবর্তনের পর প্রথম পা রাখলেন কৃষ্ণনগরে। কে আগে তাঁকে শুভেচ্ছা জানাবেন, তা নিয়ে তুমুল হইচই বাধল। কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেস দু-ভাগ। শুভেচ্ছা জানানোর জন্য পড়ে যায় হুড়োহুড়ি। জেলার দুই তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব বাধে। ফলে বিশৃঙ্খলার সৃষ্টিতে অস্বস্তিতে পড়ে যান মুকুল রায়।

শুভেচ্ছার বন্যায় ভাসলেন মুকুল রায়
এরপর মুকুল রায়ই হ্স্তক্ষেপ করেন। দুই গোষ্ঠীকে আশ্বস্ত করেন। সবাইকে এক হয়ে কাজ করার বার্তা দেন। উল্লেখ্য, মুকুল রায় এই কেন্দ্রের বিজেপি বিধায়ক। বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের ভোটে তিনি নির্বাচিত। অথচ তাঁরা এদিন মুকুল রায়কে শুভেচ্ছা জানাতে পারলেন না। তাঁরা রয়ে গেলেন দূরে। আর যাঁরা মুকুল রায়ের বিরোধিতা করেছিলেন ভোটে, তাঁরাই শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিলেন মুকুল রায়কে।

তৃণমূলে যোগ দিয়েই খেল শুরু মুকুলের
তবে মুকুল রায়কে কোনও বিজেপি নেতা-কর্মী-সমর্থক শুভেচ্ছা জানাতে পারলেন না বলা ভুল। অনেক বিজেপি নেতা-কর্মীও মুকুল রায়কে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। শুভেচ্ছা জানানও কেননা এদিন মুকুল রায়ের হাত ধরেই কৃষ্ণনগরে বিরাট ভাঙন ধরে বিজেপিতে। মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েই তাঁর খেলা চালিয়ে যান।

মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান
কৃষ্ণনগরে মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন স্থানীয় বিজেপি নেতা অরূপ রায়। তাঁর সঙ্গে গেরুয়া শিবিরের একাধিক নেতা-কর্মী তৃণমূলের পতাকা তুলে নেন মুকুল রায়ের হাত থেকে। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর যে কৃষ্ণনগর বিজেপির সংগঠন ভাঙতে শুরু করেছিল, এই যোগদান তার প্রমাণ।












Click it and Unblock the Notifications