মুকুল-ঘনিষ্ঠ সুদীপের তৃণমূলে ঘরওয়াপসির জল্পনায় কি ইতি, ফেসবুক পোস্টে তাৎপর্যপূর্ণ বার্তা
মুকুল রায়ের হাত ধরে ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায়বর্মনেরও ঘরওয়াপসি হবে তৃণমূলে এই জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। সেই জল্পনায় কি তবে ইতি পড়তে চলেছে? মুকুল-ঘনিষ্ঠ সুদীপ কি তবে দলবদল করছেন না?
মুকুল রায়ের হাত ধরে ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায়বর্মনেরও ঘরওয়াপসি হবে তৃণমূলে এই জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। সেই জল্পনায় কি তবে ইতি পড়তে চলেছে? মুকুল-ঘনিষ্ঠ সুদীপ কি তবে দলবদল করছেন না? বিজেপি ছেড়ে ফিরছেন না তৃণমূলে? অন্তত তাঁর ফেসবুক-পোস্টে তেমনই ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক মহল সুদীপ রায়বর্মনের ফেসবুক-বার্তায় অন্য গন্ধ পেতে শুরু করেছে।

বিজেপিতে থেকেই পৃথক মঞ্চ তৈরি করেন সুদীপ
সুদীপ রায়বর্মনের সঙ্গে বিজেপির দূরত্ব অনেকদিনই তৈরি হয়েছে। বিপ্লব দেবের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সুদীপ রায়বর্মন। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁর সঙ্গে বিপ্লব দেবের দূরত্ব তৈরি হয়। তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন। তারপর থেকে বিজেপির সঙ্গেও দূরত্ব বাড়তে শুরু করে। বিজেপিতে থেকেই তিনি পৃথক মঞ্চ তৈরি করেন।
সুদীপ রায়বর্মনের ফেসবুক পোস্ট
সুদীপ রায়বর্মন এদিন ফেসবুক পোস্টে লেখেন- রাগ, হতাশা কিংবা আবেগতাড়িত হয়ে চটজলদি নেওয়া কোনও সিদ্ধান্ত জাতীয়তাবাদ বিরোধী শক্তির হাত শক্ত করে। জাতীয়তাবাদী শক্তির সঙ্গে থাকুন। শীর্ষ নেতৃত্বের উপর ভরসা রাখুন। রাজনৈতিক মহল মনে করছে, সুদীপ রায়বর্মন এই পোস্ট করে দলছাড়া বা দল ছাড়তে ইচ্ছুক নেতানেত্রীদের প্রতি বার্তা দিলেন।

সুদীপের ফেসবুক-পোস্টে দলবদলের জল্পনায় ইতি
বাংলার ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পাওয়ার পর যোগদানের হিড়িক পড়ে যায়। তার রেশ পড়ে প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও। বিশেষ করে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর মুকুল-ঘনিষ্ঠ সুদীপ রায়বর্মনের নেতৃত্বে ত্রিপুরা-বিজেপিতে আড়াআড়ি বিভাজন তৈরি হতে পারে বলে জল্পনা তুঙ্গে ওঠে।। কিন্তু সুদীপের ফেসবুক-পোস্টে স্পষ্ট দলবদলের জল্পনায় তিনি ইতি টানতে চলেছেন।

সুদীপের হাত ধরে তৃণমূল অভীষ্ট সিদ্ধ করতে কি পারবে
রাজনৈতিক মহল মনে করছে, সুদীপ রায়বর্মনের হাত ধরে তৃণমূল তাদের অভীষ্ট সিদ্ধ করবেন। কেননা সুদীপ রায়বর্মন কংগ্রেস ঘরানার নেতা। তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। তাঁর নেতৃত্বেই তৃণমূলের পথ চলা শুরু হয়েছিল ত্রিপুরায়। কিন্তু ২০১৭-য় মুকুলের দলত্যাগে ত্রিপুরা তৃণমূলেও ভাঙন নেমে আসে। ফের মুকুলের ঘরওয়াপসিতে ত্রিপুরা তৃণমূলের হারানো সংগঠন ফিরে আসবে বলেই মনে করেছিলেন মমতা-অভিষেকরা।

সুদীপের ফেসবুক পোস্টে তৃণমূলে খানিক ধাক্কা
সুদীপ রায়বর্মনের সঙ্গে একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে তাদের দলে ফিরবেন বলে ধরে নিয়েই অঙ্ক কষেছিল তৃণমূল। কিন্তু সুদীপের ফেসবুক পোস্টে তৃণমূল নেতৃত্ব খানিক ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। যখন প্রশান্ত কিশোরের টিম আই প্যাক মানুষের মন বুঝতে ত্রিপুরায় গিয়েছে, তখন সুদীপের ওই পোস্ট তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications