Mithun Chakraborty: শাহ-নাড্ডার ডাকা কোর কমিটির বৈঠকে নেই মিঠুন! খবর পাননি তিনি?
লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কোর কমিটির বৈঠক চলছে। কিন্তু সেখানে নেই অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মিঠুন চক্রবর্তী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিয়েছিলেন।
তৃণমূলের বিরুদ্ধে ব্রিগেডের সভা থেকে তিনি বক্তব্যে ঝড় তুলেছেন। শুধু তাই নয়, গোটা বিধানসভা নির্বাচনে প্রচার করেছিলেন বাংলার মিঠুন চক্রবর্তী। রাজ্য রাজনীতিতে যখন তাঁর দরকার হবে, তখনই তিনি হাজির হবেন। বাংলার মানুষের জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার তিনি করবেন। এমন কথাই মিঠুন বলেছিলেন।

কিন্তু মঙ্গলবার কেন মিঠুন চক্রবর্তীকে দেখা গেল না? হাতে আর কয়েক মাস সময়। বাংলা থেকে ৩৫ টি লোকসভা আসন জিততে চাইছে বিজেপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই টার্গেট ঠিক করে দিয়েছেন। রাজ্য বিজেপি কীভাবে প্রচার কৌশল নিচ্ছে? তৃণমূল সরকারের বিরুদ্ধে কীভাবে প্রচার হাতিয়ার করা যায়? সেই সম্পর্কেই এই বৈঠক।
সেই কোর কমিটিতে মিঠুন চক্রবর্তীর নাম রয়েছে। কিন্তু কেন তাঁকে দেখা গেল না? তাহলে কি দলের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে এই পোড়খাওয়া অভিনেতার? এর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বৈঠক হয়েছিল। সেই সময়ও দলের হয়ে সম্পূর্ণ কাজ করার বার্তা দিয়েছিলেন তিনটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই বঙ্গ অভিনেতা।
তাহলে কেন অমিত শাহ, জেপি নাড্ডার কর্মসূচিতে তিনি থাকলেন না? তথ্য বলছে বিগত মাস গুলিতেও মিঠুন চক্রবর্তীকে দলের কর্মসূচিতে দেখা যায়নি। ধর্মতলায় অমিত শাহ সভা করেছিলেন। সেখানেও তিনি অনুপস্থিত ছিলেন। তাহলে কোথাও কি সম্পর্কের বৈপরীত্য দেখা দিয়েছে?
অতি সম্প্রতি মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা সিনেমা মুক্তি পেয়েছে। মিঠুন চক্রবর্তীর অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা। মানুষের কাছে মিঠুন চক্রবর্তীর গুরুত্ব যথেষ্ট বেশি। বিধানসভা নির্বাচনের সময় প্রচারেও তিনি যথেষ্ট ঝড় তুলেছিলেন। যথেষ্ট গরমাগরম বক্তব্য মঞ্চ থেকে তিনি রেখেছেন। তাহলে খাতায়-কলমে নির্বাচনী কৌশল তৈরির সময় কেন থাকলেন না তিনি?
জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তী সপরিবারে বিদেশে রয়েছেন। কবে তিনি দেশে ফিরবে সে সম্পর্কেও তথ্য নেই বঙ্গ বিজেপি নেতাদের কাছে। তাঁকে কি আদৌ খবর দেওয়া হয়েছে এই কর্মসূচির? সেই সম্পর্কেও প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications