দেশ গড়তে মোদীর 'টিম ইন্ডিয়া তত্ত্ব', সায় মমতারও
বার্নপুর, ১০ মে : উন্নয়নের প্রশ্নে হাতে হাত দিয়ে চলার কথা বললেন দু'জনে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালে বার্নপুরের জনসভায় দেশের উন্নয়নে 'টিম ইন্ডিয়া' তত্ত্বের অবতারণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই একই সুরে তাঁর আগে কথা বলতে শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

এদিন প্রথমে বক্তৃতা করে মুখ্যমন্ত্রী রাজনীতির পাশাপাশি উন্নয়নের কথাও বলেন। কেন্দ্র ও রাজ্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা উঠে আসে মমতার বক্তব্যে। এরপর বক্তব্য রাখতে উঠে মোদীর গলাতেও শোনা গেল সেই একই মৈত্রীর ধ্বনি। তিনি বলেন, "'টিম ইন্ডিয়া' ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হল একটি টিম। যে টিম দেশকে এগিয়ে নিয়ে যাবে।"
প্রসঙ্গত এর আগেও কেন্দ্র-রাজ্য সমন্বয়ের কথা একাধিকবার বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে। তবে এতটা কাছাকাছি আসেননি মোদী-মমতা।
বরম লোকসভা ভোটের সময় থেকেই দু'জনের মধ্যে এমন দূরত্ব তৈরি হয় যে প্রধানমন্ত্রী হিসেবে মোদী শপথ নেওয়ার সময়ও নিজেকে দূরে রেখেছিলেন মমতা। পরে অবশ্য রাজ্যের স্বার্থে দরবার করতে প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি গিয়ে দেখা করেন তিনি। এরপর এবার মোদীর রাজ্য সফরের সময় আলাদা করে সময়ও চেয়ে নেন।
রাজভবনে বৈঠকের পর কলকাতার নজরুল মঞ্চ ও শেষমেশ বার্নপুরে একই সুরে রাজনীতির উর্ধ্বে উঠে দেশ গড়ার ডাক দিলেন মোদী-মমতা।
প্রসঙ্গত এদিন আসানসোলে ইসকোর আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications