মমতা আদালত অবমাননা করছেন, হাইকোর্টের দ্বারস্থ হলেন বিকাশ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননা করছেন। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতির এজলাসেই এই আবেদন করা হয়েছে বলে খবর।
রাজ্যে এসএসসি শিক্ষা দুর্নীতি মামলায় রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে। ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে যোগ্য, অযোগ্য দুই চাকরিপ্রার্থীরাই আছে।

এই ঘটনার পরেই আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভা থেকে হাইকোর্টকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের এই রায় তিনি মানেন না। এই কথাও তৃণমূল নেত্রীকে বলতে শোনা গিয়েছে।
সেই সব বক্তব্যকে সামনে রেখেই আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবুর দাবি, মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, সাংবিধানিকভাবে তা বিরুদ্ধ, আদালত অবমাননাকর।
কলকাতা হাইকোর্ট এই বিষয়ে পদক্ষেপ করুক। এমনই বক্তব্য রেখেছেন বিকাশ ভট্টাচার্য। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই বিষয়ে হলফনামা জমা দিতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তর্জমা করে যাতে আদালতে দেওয়া হয়। সেই নির্দেশও দেওয়া হয়েছে।
এসএসসি মামলার রায় বেরনোর পরেই আক্রমণ করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বিজেপিকে নিশানা করেছেন তিনি। আইন ব্যবস্থাকেও ছেড়ে কথা বলছেন না তৃণমূল নেত্রী। বিজেপি কোর্ট কিনে নিয়েছে। এই কথাও বলেছেন তিনি।
চাকরি হারাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও ১০ লক্ষ চাকরি হবে। এই কথাও সম্প্রতি সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এই সব বিষয় নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। আজই এই মামলার শুনানির সম্ভাবনা আছে।












Click it and Unblock the Notifications