নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়! মোদীকে এড়াতেই এই সিদ্ধান্ত?
সম্ভবত নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ মে দিল্লিতে এই বৈঠকের কথা রয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে নীতি আয়োগের পরিচালন পরিষদের এটাই শেষ বৈঠক হতে চলেছে। যা খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু সেই বৈঠকেই সম্ভবত যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূল সুত্রকে কোট করে এক সংবাদমাধ্যমের দাবি, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এখনই দিল্লি যাচ্ছে না। যদিও শেষ মুহূর্তে মত বদল হতেই পারে। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এখনই রাজধানী সফর মুখ্যমন্ত্রী করছেন না।

ফলে নীতি আয়োগের বৈঠকেও তাঁর যোগ দেওয়া হচ্ছে না বলেই দাবি করছে ওই সংবাদমাধ্যম। যদিও এর আগে ক্ষোভ প্রকাশ করেই নীতি আয়োগের বৈঠকে যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানিয়েছিলেন, সারা ভাষণ শুনতে হয়। এরপর সবার শেষে গিয়ে কথা বলার সুযোগ থাকে। কিন্তু রাজ্যের দাবি তো তুলতে হবে কোথাও একটা। সেই কারনেই নীতি বৈঠকের যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শেষমেশ যা শোনা যাচ্ছে এখনই দিল্লি যাচ্ছেন না তিনি।
তবে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ভাবে কিছু মন্তব্য করেননি এখনও পর্যন্ত। এমনকি তৃণমূলের তরফেও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। যদিও এর আগে একাধিকবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত বছর এই বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের এই বৈঠক হয়। যেখানে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকেন।
শুধু তাই নয়, নিজেদের রাজ্যের কথা বলেন। এছাড়াও একাধিক বিষয়ে আলোচনা হয়। বলে রাখা প্রয়োজন, বিজেপি সরকারের বিরুদ্ধে কার্যত একাধিক ইস্যুতে সংঘাতের পথে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

বিশেষ করে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সমস্ত বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দিল্লিতে আনা অর্ডিন্যান্স নিয়ে কেজরিওয়ালের পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি। এমনকি সম্প্রতি নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে একাধিক বিরোধী দলের সাংসদরাও উপস্থিত থাকবেন না এই অনুষ্ঠানে।
এই অবস্থায় প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মত রাজনৈতিকমহলের। শুধু তাই নয়, বিরোধী জোটের পাশে থাকার বার্তা দিতেই সম্ভবত এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন না বলেই জানা গিয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications