পাখির চোখ মতুয়া ভোট! বড়মা-র লেখা চিঠিতে ভরসার বাণী শোনালেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকেই মতুয়ারা তাঁর সঙ্গে ছিলেন। বড়মা ভরসা করতেন মমতাকে, তা অনস্বীকার্য। এখন বড় মা নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকেই মতুয়ারা তাঁর সঙ্গে ছিলেন। বড়মা ভরসা করতেন মমতাকে, তা অনস্বীকার্য। এখন বড় মা নেই। কিন্তু মতুয়াদের স্বার্থ রক্ষার জন্য তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে গিয়েছিলেন। রবিবার গাইঘাটার জনসভা থেকে সেই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো।

মতুয়া ভোট ফেরাতে এবার বড়মার চিঠিকে হাতিয়ার
মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া ভোট ফেরাতে এবার বড়মার চিঠিকে হাতিয়ার করলেন। বড়মা তাঁকে স্নেহ করতেন। ভরসাও করতেন। তাই মতুয়াদের স্বার্থরক্ষার ভার তাঁর উপর দিয়ে গিয়েছেন। সেই থেকেই তাঁর সরকার মতুয়াদের পাশে থেকেছে। মতুয়াদের উন্নয়ন বোর্ড থেকে শুরু করে, তাঁদের সুবিধা-অসুবিধায় পাশে থেকেছে।

নাগরিকদের আবার নাগরিকত্ব দেওয়ার ভাঁওতাবাজি
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নাগরিকত্ব দেওয়ার নাম করে মতুয়াদের ভাঁওতা দিচ্ছে বিজেপি। এদিন গোবরডাঙা হিন্দু কলেজ ময়দানে জনসভা করে মমতা বলেন, মতুয়াদের সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। মমতা বলেন, নাগরিকদের আবার নাগরিকত্ব দেওয়ার ভাঁওতাবাজি শুরু করেছেন মোদী-শাহরা।

মতুয়ারা বিজেপিকে ভাঁওতাবাজির জবাব দিন
মমতা বলেন, আপনারা সবাই নাগরিক। আপনাদের আবার আলাদা করে নাগরিকত্ব দেবে কী! আমরা সবাই সমান। নির্বাচন এলেই বিজেপি মিথ্যে কথা বলে ভোট চায়। সারা বছর মতুয়ারা কেমন আছে তা দেখতে যায় না ওরা। এই ভাঁওতাবাজির জবাব দিতে হবে। এবার ভোটেই মতুয়ারা বিজেপিকে জবাব দিন।

মোদীর ওড়াকান্দি সফর নিয়েও প্রশ্ন তোলেন মমতা
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়াকান্দি সফর নিয়েও প্রশ্ন তোলেন মমতা। প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী প্রতিবার বাংলাদেশ যান আমাকে নিয়ে। তার কারণ আমাকে শেখ হাসিনা ভালোবাসেন। আর এবার লুকিয়ে চলে গেলেন এখানকার এক ছোকরাকে নিয়ে। আসলে এবার যে ভোটের জন্য বাংলাদেশ যাওয়া!

এরা এক জায়গায় এক একরকম, মুখোশ খুলে পড়েছে
মমতা বলেন, সিএএ নিয়ে বিজেপি নেতারা দ্বিচারিতা করছেন। মতুয়া মহলে এসে বলছে মতুয়াদের অধিকার দেবে। আর দার্জিলিং-জলপাইগুড়িতে গিয়ে বলছেন সিএএ হবে না। এরা এক জায়গায় এক এক রকম। এদের মুখোশ এবার খুলে পড়েছে। এরা গিরগিটির মতো রং বদলায়। মতুয়ারা তো লোকসভায় ভোট দিয়েছিল, কই কোনও কাজ করেছে?

বড়মার চিঠি নিয়ে মতুয়া ভোট ফেরানোর বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, বড়মার হাতে লেখা চিঠি আমার কাছে আছে। অনেকগুলো চিঠি আছে। সেখানে বড়মা মতুয়াদের স্বার্থরক্ষার ভার আমার উপর দিয়ে গিয়েছেন। বড়মা লিখেছেন, আমার অবর্তমান তুমি ওদের দেখে রেখো। তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চিন্তা করবেন না। আমি দেখব।












Click it and Unblock the Notifications