Mamata Banerjee: কীসের জন্য কেন্দ্রে সরকার আছে? ওষুধের দাম বৃদ্ধি নিয়ে তীব্র আক্রমণ, পথে নামার ডাক মমতার
Mamata Banerjee: কীসের জন্য কেন্দ্রে আছে সরকার? ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে স্বাস্থ্য বীমার উপর জিএসটি বসানো নিয়েও দাগলেন তোপ। শুধু তাই নয়, এই ইস্যুতে এবার পথে নামার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, ওষুধের দাম বাড়িয়ে আদতে সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে। একদিকে দাম বাড়ানো হচ্ছে অন্যদিকে দেশকে ভাগ করার চক্রান্ত চলছে। বিজেপি সরকারকে জুমলা পার্টি বলেও আক্রমণ শানালেন প্রশাসনিক প্রধানের।
গত ১লা এপ্রিল থেকে ৯০০ টিরও বেশি ওষুধের দাম একধাক্কায় অনেকটাই বাড়িয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। আর তাতে অনুমোদন দিয়েছে মোদী সরকার। যার ফলে সুগার, ব্লাড প্রেশার থেকে শুরু করে সাধারন পেন কিলার, জ্বর, বমি, গ্যাসর ওষুধের দাম একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের এহেন সিদ্ধান্তে সরাসরি মোদী সরকারের উপর চাপ যে বাড়বে তা স্পষ্ট। এবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । একই সঙ্গে উদ্বেগও প্রকাশ করলেন।
মুখ্যমন্ত্রী বলেন, কীভাবে ওষুধের দাম এত বাড়ানো হল? সরকার কি করছে? শুধুই বিভাজনের রাজনীতি। খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে স্বাস্থ্যও সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কারণে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নিয়েছে। যেখানে মানুষের স্বাস্থ্যই সব, সেখানে মূল্যবৃদ্ধি করে চাপ বাড়ানোর চেষ্টা চলছে বলেও এদিন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তাঁর দাবি, স্বাস্থ্যবিমাতেও জিএসটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দেওয়া হয়েছে। কিন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যেই ওষুধের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে। একতরফা ভাবে এই সিদ্ধানন্ত নেওয়া হচ্ছে বলেও এদিন অভিযোগ প্রশাসনিক প্রধানের।
আর এর প্রতিবাদেই মানুষকে পথে নামার ডাক দেন। নবান্নে বসেই তৃণমূল সুপ্রিমো বলেন, আগামী শুক্র এবং শনিবার রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে বেলা ৪টে থেকে ৫টা প্রতিবাদ মিছিল হবে। সেখানে সাধারণ মানুষকেও সামিল হওয়ার ডাক দেন। কেন দাম বাড়ানো হচ্ছে, অবিলম্বে ওষুধের দাম কমাতে হবে, এই দাবি ওই মিছিল থেকে তোলা হবে বলেও জানান। আর তা না হলে আগামিদিনে আরও বৃহত আন্দোলনের ইঙ্গিত। মমতা বলেন, বিক্ষোভ-আন্দোলনে কাজ না হলে পথ খোলা থাকবে।












Click it and Unblock the Notifications