Mamata Banerjee: বাংলায় সিপিএম-কংগ্রেসকে ব্যবহার করছে বিজেপি, ২৪-এর আগে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর
তৃণমূলের বিরুদ্ধে সিপিএম ও কংগ্রেসকে কাজে লাগাচ্ছে বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে যখন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে সমস্ত দল এক মঞ্চে হাজির হয়ে লড়াই দেওয়ার পরিকল্পনা কষছে, তখন বাংলার রাজনীতিতে অন্য সমীকরণের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলায় কংগ্রেস ও সিপিএমকে তাদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে কাজ হাসিল করতে চাইছে বিজেপি। সরাসরি সিপিএমের নাম করে মমতা বলেন, সিপিএমকে কাজে লাগানোর চেষ্টা করছে বিজেপি। সিপিএমের সঙ্গে বিজেপি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কংগ্রেসকে নিশানা করতেও তিনি ছাড়েননি। বাংলার রাজনীতিতে সিপিএম ও কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলছে বলে তাঁর অভিযোগ। আর বিজেপি এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠান থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে একযোগে কড়া হুঁশিয়ারি দেনষ
তিনি বলেন, আমরা এজেন্সির ভয়ে মাথা নত করি না। এর আগে সিপিএম কত চক্রান্ত করেছে, সারদাকে এনেছে, কিছু হয়েছে! এখন বিজেপি চক্রান্ত করছে, রোজ রোজ এজেন্সি নিয়ে আসছে, ভয় দেখাচ্ছে। তবে এবার কিছু করলে উত্তর পাবে। উত্তর দেবে বাংলার মানুষ।

এদিন বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান করে দেন সংখ্যালঘুদেরও। তিনি বলেন, আপনারা কেউ উত্তেজিত হবেন না। হলেই বলবে আপনারা টেরোরিস্ট। এনআইএ তদন্ত দিয়ে দেবে আবার। বিজেপিকে নিশানায় তিনি বলেন, এখানে বিজেপি দাঙ্গা করে, আর নাম দেয় আপনাদের।
মমতা বলেন, বিজেপি থেকে সাবধান। ওরা ভয়ানক। ওদের সঙ্গে এখানে আবার বাম-কংগ্রেস আছে। বাংলায় বামফ্রন্ট তথা সিপিএম এবং কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। আমি কিন্তু জাতীয় ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষেই আছি। তারপরও বাম-কংগ্রেস এই খেলাটা চালিয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications