Kaliganj Result Update: কালীগঞ্জে এগিয়ে শুরু তৃণমূলের, বিজেপি, বাম-কং কি পারবে অসাধ্যসাধন করতে?
আগামী বছর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে উপনির্বাচনের ফলের দিকে অনেকেই তাকিয়ে রয়েছেন। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলে আগামীর আভাস না মিললেও অবশ্যই এই নির্বাচন সকলের জন্য গুরুত্বপূর্ণ। নদিয়া জেলার অন্তর্গত কালীগঞ্জ আসনটিতে ভোটগ্রহণ হয়েছিল ১৯ জুন। এবং এদিন ২৩ জুন ফলাফল বেরোবে। সকাল ৮টা থেকে তাই শুরু হয়েছে ভোট গণনা। দশম রাউন্ড শেষে প্রত্যাশামতোই এগিয়ে তৃণমূল কংগ্রস প্রার্থী আলিফা আহমেদ। তিনি এগিয়ে ২৬ হাজারের বেশি ভোটে। বিজেপি দ্বিতীয় ও কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে।
কালীগঞ্জ বিধানসভা আসনটি শূন্য হয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের কারণে। ৭০ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিবিদ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে ৪৬,৯৮৭ ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো এই আসনে জয়লাভ করেছিলেন। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন হয়েছে।

এই উপনির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই ছিল। তৃণমূল কংগ্রেস তাঁদের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে, আলিফা আহমেদকে প্রার্থী করেছে। কর্পোরেট জগতে সফল কেরিয়ার ছেড়ে বাবার অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার নিয়ে রাজনীতিতে এসেছেন আলিফা। অন্যদিকে, বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন মণ্ডল সভাপতি আশিস ঘোষকে নিজেদের প্রার্থী হিসেবে মনোনীত করে ভোটে লড়েছে। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে লড়ছেন কবিলউদ্দিন শেখ। এই তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে এদিন।
কালীগঞ্জ একটি সংখ্যালঘু অধ্যুষিত আসন। এখানে প্রায় ৫৪ শতাংশ ভোটার মুসলিম। এছাড়াও প্রায় ১৫ শতাংশ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির ভোটার রয়েছেন। তৃণমূল কংগ্রেস এই আসনে ভোটের নিরিখে এগিয়ে ছিল। মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আলিফা আহমেদের উপর আস্থা রেখেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এই আসনে ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছিল।
অন্যদিকে, মূল বিরোধী দল বিজেপি এই উপনির্বাচনে রাজ্যের শাসক দলের দুর্নীতি এবং তোষণকে তুলে ধরেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং সম্প্রতি মুর্শিদাবাদের দাঙ্গার মতো বিষয়গুলিকে তাঁরা প্রচারে হাতিয়ার করে লড়েছে। অন্যদিকে কংগ্রেস এবং বামফ্রন্ট জোট হিসেবে লড়াই করেছে।












Click it and Unblock the Notifications