Jagadhatri Puja 2023: আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো, নবমী তিথিতে ভিড় বেলুড় মঠ থেকে চন্দননগরে
Jagadhatri Puja 2023: প্রতিবছর রীতি নীতি মেনেই আড়ম্বরের সঙ্গে পালিত হয় 'জগদ্ধাত্রী পুজো’। সিংহবাহিনী, চতুর্ভূজা জগদ্ধাত্রী মায়ের পুজোর আজ নবমী। পঞ্জিকা মেনেই মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। শঙ্খ, চক্র, ধনুক ও বাণে শোভিতা দেবীর গলায় নাগযজ্ঞোপবীত। মাথায় রয়েছে শিবের ন্যায় অর্ধচন্দ্রাকৃতি। কার্তিক মাসের শুক্ল নবমীতে হয় জগদ্ধাত্রী পুজো। মায়ের পুজোয় মেতে ওঠে বেলুড় মঠ, চন্দননগর-সহ নানান জায়গা।
জগদ্ধাত্রী মায়ের পুজোর নবমী তিথির শুভ সময় ৪ অগ্রহায়ণ, মঙ্গলবার পড়ছে। পঞ্জিকা অনুসারে, ভোর ৫ টা ৫৮ মি ৪৩ সেকেন্ডে হয়েছে সূর্যোদয়। সূর্য্যাস্ত ৪ টে ৪৭ মিনিটে। নবমী রাত্রি ১২. ৪৭ মিনিট। বারবেলাদি ৭.১৯ গতে ৮.৪১ গতে। এই বিশেষ তিথি মেনেই মায়ের পুজো করা হয়।

সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। আর মায়ের পুজো মঙ্গলবার সকাল থেকে সপ্তমী, অষ্টমী ও নবমীর বিহিত পুজো অনুষ্ঠিত হচ্ছে। মহাসমারোহে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হয়েছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। এদিন নবমীতে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা হবে। সকালে পূর্বাহ্ন পূজা দিয়ে শুরু হয় পূজা। এরপর মধ্যাহ্ন পূজা এবং অপরাহ্ন পূজা হবে। এরই মধ্যে হবে পুষ্পাঞ্জলি, হোম এবং প্রসাদ বিতরণ। সন্ধ্যায় আরতি হয়ে পুজোর সমাপ্তি হবে। দশমীতে সকালে পূজা হওয়ার পর দর্পণ বিসর্জন এবং সন্ধ্যায় হবে প্রতিমা নিরঞ্জন। মহা ধূমধামে জগদ্ধাত্রী পূজা হচ্ছে বেলুড় মঠ সারদাপীঠে।
'জগদ্ধাত্রী পুজো’ পুজো সব থেকেই জাক দেখা যায় হুগলির চন্দননগরে। এখানকার মায়ের মূর্তির পাশাপাশি আলোর রোশনাই দেখার মতো, এখানকার আলোর কাজ, প্যাণ্ডেল নামকরা। চলতি বছর চন্দননগর হেলাপুকুরের থিম ছিল 'উৎসব’। এই বিশেষ উৎসবের দিনগুলো সকলে যাতে খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারেন সেদিকেই নজর রেখেছেন তারা। চন্দননগর পালপাড়ার পুজোর থিম তন্ত্র সাধনা। অন্যদিকে, মানকুন্ডুর মণ্ডপ সেজেছিল 'স্মৃতি,সত্তা,ভবিষ্যৎ' থিমে। বালি ও মাটি দিয়ে সেজেছে মণ্ডপ। সকাল থেকেই কিন্তু মণ্ডপে মণ্ডপে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
জগদ্ধাত্রী মায়ের পুজোয় মেতে উঠেছে ফালাকাটা ব্লকের জটেশ্বরের মানুষেরা। জটেশ্বর চৌপথি বাবুপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে জগদ্ধাত্রী পুজো হচ্ছে জটেশ্বরে। এখানকার মহিলা বাসিন্দারা এই পুজোর আয়োজন করেছেন। শুধু মণ্ডপ সজ্জা নয় প্রতিমা ও আলোকসজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করেছেন তারা।












Click it and Unblock the Notifications