চোখের তলায় কালি, রবিবার সকালে ফের সিবিআই জেরার মুখোমুখি সন্দীপ ঘোষ
আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ফের সিজিও কমপ্লেক্সে৷ রবিবার সকাল থেকেই তুমুল বৃষ্টি। তার মধ্যেই সন্দীপ ঘোষের গাড়ি সিবিআই অফিসের সামনে দাঁড়ায়। আরও একবার সিবিআই জেরার মুখোমুখি সন্দীপ ঘোষ৷
এই নিয়ে তৃতীয় বার। তিন দিন ধরে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে টানা জিজ্ঞাসাবাদ? ম্যারাথন জেরায় কি বিধ্বস্ত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ? সেই প্রশ্ন উঠছে। একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা৷

শুক্রবার থেকে জেরা করা শুরু হয়েছে সন্দীপ ঘোষকে৷ সিবিআই তলবে তিনি প্রথমে যাননি সিজিও কমপ্লেক্সে। কলকাতা হাইকোর্টে পরবর্তী কালে নিরাপত্তা সম্পর্কিত বিষয়ও তুলে ধরেছিলেন। শুক্রবার রাস্তা থেকেই সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই৷ তারপর থেকেই জেরা চলছে৷
গতকাল ১৩ ঘণ্টা জেরার মুখোমুখি হয়েছিলেন সন্দীপ ঘোষ৷ রাতে বিধ্বস্ত অবস্থায় তাকে বেরোতে দেখা যায়। আজ রবিবার সকালে ফের তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছান। গাড়ি থেকে নেমেই কার্যত হাঁটাদৌড়ে তিনি ঢুকে গেলেন ভিতরে৷ বাইরে গাড়ি থেকে নামতেই তাকে ছেঁকে ধরেছিল সাংবাদিকরা৷ সন্দীপ ঘোষের চোখমুখ ফোলা৷ চোখের তলাতেও কালি পড়েছে বলে মনে হচ্ছে। সেই জেল্লা কেন টানা জেরায় উবে গিয়েছে।
সিবিআই ঠিক কী কী জানতে চাইছে? কতটা সিবিআইকে সাহায্য করছেন তিনি। জানা গিয়েছে, বেশ কিছু নথি সন্দীপ ঘোষের কাছে চাওয়া হয়েছে৷ চিকিৎসকের মৃত্যুর পরেই কেন সাত তাড়াতাড়ি চার তলায় সংস্কারের কাজ শুরু হয়েছিল? কেন মৃতার বাবা - মাকে বসিয়ে রাখা হয়েছিল? একাধিক প্রশ্ন তাকে করা হয়েছে বলে সূত্রের খবর।
সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী? তার মাথার উপর কি কারোর হাত আছে? থাকলে পরে তিনি কে? আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ শোনা যাচ্ছে। তার প্রভূত ক্ষমতার কথাও বলা হচ্ছে৷ কোন জাদুবলে তিনি এত ক্ষমতাশালী হয়ে ওঠেন? তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কতটা আলোকপাত করতে পারেন সন্দীপ? সেই সব প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications