ওয়াই প্লাস সুরক্ষায় হুমায়ুন কবীর, কেন্দ্রীয় বাহিনীর বলয়ে ভরতপুরের বিধায়ককে ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে

মুর্শিদাবাদের রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে 'ওয়াই প্লাস' ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে এখন থেকে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর ১২ জন জওয়ান। বুধবার দুপুরেই রেজিনগরে তাঁর বাড়িতে পৌঁছে যায় সুরক্ষা দল। দলে রয়েছেন এক জন পরিদর্শক, এক জন সহকারী পরিদর্শক ও ১০ জন কনস্টেবল।

এই নিরাপত্তা পাওয়ার পথ কিন্তু সহজ ছিল না। দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রথমে রাজ্যের কাছে সুরক্ষা চেয়েছিলেন হুমায়ুন। সদুত্তর না পেয়ে তিনি আশ্রয় নেন কলকাতা হাই কোর্টের। আদালত কেন্দ্রকে তাঁর আবেদন খতিয়ে দেখার নির্দেশ দেয়। পরবর্তী সময়ে পরিস্থিতি মূল্যায়ন করে 'ওয়াই প্লাস' নিরাপত্তা দেওয়ার অনুমোদন দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সিদ্ধান্ত কার্যকর হতেই কেন্দ্রীয় বাহিনী দায়িত্ব গ্রহণ করে।

রাজ্য রাজনীতিতে এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে চর্চা। বিশেষ করে নির্বাচনের প্রাক্কালে এমন নিরাপত্তা ব্যবস্থাকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের একাংশের দাবি, দিল্লির সঙ্গে 'অঘোষিত সখ্য' বাড়াতেই এই বিশেষ নিরাপত্তা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন। তাঁর বক্তব্য, লাগাতার হুমকির জেরেই আইনি পথে এগিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে।

প্রসঙ্গত, তৃণমূল থেকে নিলম্বিত হওয়ার পরই নিজস্ব রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছিলেন হুমায়ুন। গত ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করে তিনি নতুন দলের নাম দেন 'জনতা উন্নয়ন পার্টি'। তবে একই নামে আগে থেকেই একটি দল নিবন্ধিত থাকায় নির্বাচন কমিশনের নিয়ম মেনে নাম পরিবর্তন করতে হয়। শেষ পর্যন্ত 'আম জনতা উন্নয়ন পার্টি' নামে তাঁর দলের নিবন্ধন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

একদিকে নতুন রাজনৈতিক সমীকরণ, অন্যদিকে কেন্দ্রীয় নিরাপত্তার বলয়, এই দ্বৈত প্রেক্ষাপটে ভরতপুরের বিধায়ককে ঘিরে মুর্শিদাবাদের রাজনীতি এখন নতুন মোড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+