I-PAC বিতর্কে নয়া মোড়! আজ সুপ্রিম কোর্টে রয়েছে মামলার শুনানি, মুখোমুখি রাজ্য সরকার ও ইডি, কী বলবে আদালত?
রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশনের মধ্যে চলতে থাকা SIR বিতর্কের রেশ এবার গিয়ে পৌঁছেছে একদম দিল্লি পর্যন্ত। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই I-PAC-কে ঘিরে ইডি এবং রাজ্যের সংঘাত নতুন করে আবারও চর্চায় এসেছে। আজই সুপ্রিম কোর্টে রয়েছে সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি।

ঘটনার সূত্রপাত হয়েছিল গত জানুয়ারি মাসে। দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে ৮ জানুয়ারি I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। আর ঠিক তার পরেই ঘটে এক নজিরবিহীন ঘটনা।
ইডি আধিকারিকরা যখন প্রতীক জৈনের বাড়ির ভিতরে নথিপত্র খতিয়ে দেখছেন, ঠিক সেই সময় আচমকাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। তড়িঘড়ি করে বাড়ির ভিতরে ঢুকে পড়েন তিনি। তারপরে তাঁকে সবুজ রঙের একটি ফাইল হাতে বেরিয়ে আসতেও দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় বিতর্ক। আর এই বিতর্ক ধীরে ধীরে রাজনৈতিক তরজায় রূপ নেয়।
গত মঙ্গলবারই এই মামলার শুনানি নিয়ে বিশেষ নজর ছিল। কারণ, তার ঠিক আগের দিন রাতেই সুপ্রিম কোর্টে একগুচ্ছ হলফনামা জমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ। সেই হলফনামায় রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয় যে, ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই নাকি মুখ্যমন্ত্রী I-PAC-এর কর্ণধারের বাড়ি থেকে দলের কিছু নথিপত্র নিয়ে বেরিয়ে এসেছিলেন। ওই হলফনামায় আরও জানানো হয়েছে যে, তল্লাশির কাজে কোনও বাধা দেওয়া হয়নি।
তবে রাজ্যের এই বক্তব্যের জবাব দেওয়ার জন্য আদালতের কাছ থেকে ৭ দিনের সময় চেয়ে নেয় ইডি। আর সেই কারণেই আগের বারের শুনানি পিছিয়ে যায়। আজ আবারও সেই মামলার শুনানি শুরু হচ্ছে শীর্ষ আদালতে।
অন্যদিকে আবার, ইডির বক্তব্য একেবারেই আলাদা। সংস্থার দাবি যে, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথিপত্র নিয়ে বেরিয়ে এসেছিলেন, যা তাঁদের মতে 'চুরি' করার সমান। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্যই সিবিআই তদন্ত জরুরি বলে আদালতে দাবি জানিয়েছে ইডি।
এই ঘটনাকে কেন্দ্র করে আবার গত ১ মাস ধরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ইডি এবং রাজ্য সরকারের মধ্যে যেমন কথার লড়াই চলছে, ঠিক তেমনিই রাজনৈতিক আক্রমণ থেকে শুরু করে প্রতি আক্রমণও থামেনি। সময়ের এতে সাথে বিতর্কের পারদ আরও চড়েছে।
এই আবহেই আবার আজ সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশে এই মামলায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন গোটা দেশের নজর।












Click it and Unblock the Notifications