মুখ্যমন্ত্রীর সফরের আগে গোষ্ঠী সঙ্ঘর্ষে উত্তাল কেশপুর, ‘দুই’ তৃণমূলের দ্বন্দ্বে জখম ১৫
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে গোষ্ঠী সঙ্ঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। নব্য তৃণমূলী ও পুরনো তৃণমূলীদের দ্বন্দ্বে রণক্ষেত্রে কেশপুরের মীরডাঙা।
পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে গোষ্ঠী সঙ্ঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। নব্য তৃণমূলী ও পুরনো তৃণমূলীদের দ্বন্দ্বে রণক্ষেত্রে কেশপুরের মীরডাঙা। এলাকা দখলের লড়াইকে ঘিরেই এই সঙ্ঘর্ষ। অভিযোগের তির তৃণমূল নেতা রওশন আলির বিরুদ্ধে। তিনি তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করেন বলে অভিযোগ। তৃণমূলের দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষে গুরুতর জখম হয়েছেন ১৫ জন। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

বৃহস্পতিবার রাতে চা দোকানে বসেছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। তখনই এই হামলার ঘটনা ঘটে। রওশন ও তাঁর দলবল চড়াও হয় তৃণমূল কর্মীদের উপর। বেশ কিছু দিন ধরেই কেশপুরের প্রাক্তন ব্লক সভাপতি চিত্ত গড়াই ও বর্তমান ব্লক সভাপতি সঞ্জয় পানের গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। এদিনের ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল।
পুলিস জানিয়েছে, আহত ১৫ জনের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। সাইদুর আলি ও শেখ সামিরুদ্দিনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ১৩ জন ভর্তি রয়েছে কেশপুর গ্রামীণ হাসপাতলে। উভয়পক্ষের তরফেই কেশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় চলছে পুলিশি টহল। শুরু হয়েছে তদন্ত।












Click it and Unblock the Notifications