Sandeshkhali Incident: সন্দেশখালি-কাণ্ডে শিবু এবং উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের মামলা, চাপের মুখেই বড় সিদ্ধান্ত?
Sandeshkhali Incident: সন্দেশখালি-কাণ্ডে নয়া মোড়! তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ। একই সঙ্গে যুক্ত করা হল খুনের চেষ্টার মামলাও। সম্প্রতি এলাকার এক মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়। আর এরপরেই বসিরহাট জেলা আদালতে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে দুটি মামলা যুক্ত করার আবেদন জানানো হয় পুলিশের তরফে।
যার মধ্যে একটি গণধর্ষণের মামলা অন্যটি খুনের চেষ্টার ধারা। আদালত এই বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়ার পরেই শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা এবং খুনের চেষ্টার মামলা রুজু করা হল। সন্দেশখালি-কাণ্ডের ২০ নম্বর মামলায় এই দুই ধারা যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করা হচ্ছে।

সন্দেশখালি কান্ডে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে মহিলাদের একাধিক অভিযোগ সামনে এসেছে। সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অভিযোগ করেছেন রাতের অন্ধকারে তাঁদের তুলে নিয়ে যাওয়া হত তাঁদের। মিটিং-এর নামে বসিয়ে রাখা হত দলীয় কার্যালয়ে। অনেক মহিলা দাবি করেন, তাঁদের অভিযোগ শুনতেই চায়নি পুলিশ। তাঁরা অভিযোগ জানাতে গেলে শিবু হাজরার কাছে যেতে বলা হত, এমন অভিযোগও তোলেন অনেকে।
অভিযোগের বহর বাড়তে থাকে, ক্ষোভের আগুন ছড়িয়ে পড়তে থাকে গোটা গ্রামে। সরেজমিনে খতিয়ে দেখতে গ্রামে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মহিলাদের সঙ্গে কথা বলতে যায় রাজ্য মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন, এসসি এসটি কমিশনের প্রতিনিধিরা। সম্প্রতি এসসি এসটি কমিশন সন্দেশখালির পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করেন রাষ্ট্রপতির কাছে। এমনকী রাষ্ট্রপতি শাসনের দাবিও জানান তাঁরা। রিপোর্ট পেশ হওয়ার পর ২৪ ঘণ্টা পর শিবু ও উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা হল।
বিরোধীরা প্রশ্ন তুলছেন, একদিন পর্যন্ত কেন কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশের ও প্রশাসনের গাফিলতির প্রশ্নও উঠছে। রাজ্য মহিলা কমিশন দাবি করেছিল, তারা কারও মুখ থেকে সরাসরি অভিযোগের কথা শোনেনি। এখন কীভাবে এমন একটি মামলা রুজু করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা
এই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষের দাবি, এখন আর মুখ লুকনোর জায়গা নেই। কমিশন রিপোর্ট দিচ্ছে। জটিল হচ্ছে অবস্থা। আর সেই কারণেই গণধর্ষণের মামলা পুলিশ দিতে বাধ্য হচ্ছে বলে দাবি বিজেপি নেতার।












Click it and Unblock the Notifications