Murshidabad Waqf Violence Exclusive: '১৫ বছরের মেয়েটাকে নিয়ে টানাটানি...', মনে পড়লেই শিউড়ে উঠছেন বেলি
Murshidabad Waqf Violence Exclusive: গত কয়েকদিন আগেই ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ! প্রতিবাদের নামে একদল দুষ্কৃতীদের তাণ্ডবের সাক্ষী থেকেছে সেখানকার মানুষ। কিন্তু যেভাবে হিন্দু অধ্যুষিত গ্রাম বেদবনাতে আক্রমণ চলেছে তাতে শিউরে উঠছেন ওই গ্রামেরই এক সাধারণ গৃহবধূ বেলি মণ্ডল। সম্প্রতি লোন নিয়ে সাধের বাড়ি তৈরি করেছিলেন। খাট থেকে সোফা কিনেছিলেন। কিন্তু একটা 'ঝড়' এসে সব শেষ করে দিল।
শুধু সংসারই নয়, 'হানাদার'দের হাত থেকে কোনও রকমে মেয়েটাকে রক্ষা করতে পেরেছেন বেলি। আর সে কথা মনে পড়লে এখন শিউরে উঠছেন। ভেঙে পড়ছেন কান্নায়। গ্রামের একেবারে সাধারণ গৃহবধূ বেলির কাছে সবটাই দুঃস্বপ্ন। ঠিক কী ঘটেছিল শনিবার (Murshidabad Waqf Violence Exclusive) ?

ওয়ান ইন্ডিয়া বাংলাকে বেলি জানাচ্ছেন, হঠাৎ করেই একদল মানুষ বাড়ির ভিতরে ঢুকে পড়ল। নোংরা ভাষায় গালাগাল দিতে শুরু করল। এমনকী ১৫ বছরের মেয়েটাকে ওরা ছাড়ছিল না। জামা ধরে টানাটানি করছিল। বারবার ওকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছিলাম। কিন্তু কিছুই শুনছিল না। একটা সময় বাড়ির বাইরে চলে গিয়ে সেখানে দরজা লাগিয়ে দেয় ওরা...ভয়ঙ্কর সেই ঘটনা মনে পড়তেই কেঁদে ফেললেন বেদবনা গ্রামের বেলি। তিনি বলেন, সবকিছু বের করে আগুন ধরিয়ে দিল। কিছু রাখল না। কোনও রকমে ১৫ বছরের মেয়ে এবং ১২ বছরের ছেলেকে নিয়ে ওই এলাকা ছেড়ে পালিয়ে আসেন বেলি।
Murshidabad Waqf Violence Exclusive: লোন নিয়ে বাড়ি করেছিলাম
বেলি বলেন দু'লাখ টাকা লোন নিয়ে সাধের বাড়ি তৈরি করেছিলাম। সোফা, খাট সব ছিল। এখন গোটা বাড়ি অন্ধকার। পোড়া গন্ধ চারপাশ। কীভাবে লোন মেটাবেন ব্যাঙ্কের সেটাই বুঝতে পারছেন না বেলি। সব কিছু হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন তিনি। বেলির কথায়, বিড়ি বেঁধে সংসার চলত। সবকিছু থাকতেও যে এভাবে স্কুলের মধ্যে আশ্রয় নিতে হবে তা ভাবতেও পারেননি। 'কোথায় যাব'? প্রশ্ন তাঁর।
শুধু বেলি নয়, একই অবস্থা বেদবনাগ্রামের একাধিক মহিলার। দুস্কৃতীদের হাত থেকে কোনও রকমে প্রাণ রক্ষা করে দলে দলে মানুষ সব ছেড়ে পালিয়ে গিয়েছেন। সবার আশ্রয় এখন মালদহের একটি স্কুল। কবে বাড়ি ফিরবেন কেউ জানে না। এমনকী বাড়ি ফিরলেও যে আবার আক্রমণ হবে না সেই নিশ্চয়তাও পাচ্ছেন না। এই অবস্থায় স্থায়ী ভাবে এলাকায় বিএসএফের ক্যাম্পের দাবি তুলছেন কয়েকশ হিন্দু পরিবার।












Click it and Unblock the Notifications